ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ-পিপিপি) কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য সব রাজনৈতিক দলের জোরালো সমর্থন প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ঢাকায় পিপিপি গ্লোবাল ইনভেস্টরস ফোরামের একটি অধিবেশনে বক্তারা একই সঙ্গে পিপিপি বাস্তবায়নের জন্য দক্ষ মানব সম্পদ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও আইনি কাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর রূপসী বাংলা হোটেলে দুদিনব্যাপী পিপিপি গ্লোবাল ইনভেস্টরস ফোরাম: বাংলাদেশ-২০১২ এর উদ্বোধন করেন।
বিকালে পিপিপি খাতের দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে বাংলাদেশে পিপিপি: আন্তর্জাতিক নীতি প্রয়োগ বিষয়ক এ অধিবেশনটি হয়।
২০০৯-১০ অর্থবছরের বাজেটে সরকার প্রথম পিপিপি প্রকল্প চালু করার উদ্যোগ নিয়ে এ খাতে বরাদ্দ রাখে। এর পরের প্রতিটি বাজেটে পিপিপির জন্য আলাদা বরাদ্দ রাখা হলেও এর অধীনে কোনো প্রকল্প বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি।
পিপিপি চালুর আড়াই বছর পর ২০১২ সালের জানুয়ারিতে একজন সিইও নিয়োগ করা হয়। এখনো এ বিষয়ে কোনো আইন নেই। একটি খসড়া আইন করা হলেও বেসরকারি খাতের উদ্যোক্তাদের তাতে আপত্তি রয়েছে। চলতি অর্থবছরে পিপিপি বাবদ বাজেটে তিন হাজার কোটি টাকার বরাদ্দ রেখেছে সরকার।
অধিবেশনের মূল প্রবন্ধে রিচার্ড আবাদি বলেন, পিপিপি প্রকল্প বাস্তবায়নের জন্য সব রাজনৈতিক দলের জোরালো সমর্থন দরকার। কারণ এসব প্রকল্পে রাজনৈতিক ঝুঁকি থাকে। এছাড়া আইনি ও ক্রয় খাতের ঝুঁকিও থাকে এখানে।
রিচার্ড বলেন, অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ সহজে হয় না। এ খাতে বেসরকারি বিনিয়োগ আনতে পিপিপি একটি কার্যকর পদ্ধতি। তবে সরকারি খাতের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকলে তা হবে না।
এছাড়া যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও পানি খাতের প্রকল্পগুলোও পিপিপিতে হতে পারে।
তিনি বলেন, ভারত গত পাঁচ বছরে অবকাঠামো খাতে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে। এর ৫০ শতাংশ হয়েছে পিপিপিতে। আবার যুক্তরাজ্যেও ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ৭০ শতাংশ এসেছে পিপিপির মাধ্যমে।
পিপিপি বাস্তবায়ন করা গেলে সরাসরি বিদেশি বিনিয়োগও (এফডিআই) বাড়ে।
যুক্তরাজ্যে ৭০০ প্রকল্পে পিপিপির অধীনে ২০০ বিলিয়ন ডলারের এফডিআই এসেছে বলে জানান রিচার্ড।
সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ-জামান বলেন, বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়নে জোরালো উদ্যোগ নিয়েছে। এজন্য সরকারের যাত্রা থেকেই পিপিপি বাস্তবায়নের চেষ্টা চলছে। ইতিমধ্যে আলাদা কার্যালয় ও অর্থমন্ত্রণালয়ে একটি বিশেষ ইউনিট স্থাপন করা হয়েছে। আইনেরও খসড়া চুড়ান্ত হয়েছে। পিপিপিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য মানব সম্পদ উন্নয়নের কাজ চলছে বলে জানান মুখ্য সচিব।
পিপিপি কার্যালয়ের সিইও সৈয়দ আফসার এইচ উদ্দিন ২০০৯ সাল থেকে এ পর্যন্ত পিপিপি প্রকল্প বাস্তবায়নের জন্য কী কী করা হয়েছে তা তুলে ধরেন।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) পিপিপি বিশেষজ্ঞ জন গ্রান্ট হুবার বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই পিপিপির প্রকল্প পরিচালনার ব্যবস্থা থাকতে হবে।
বাংলাদেশে পিপিপি প্রকল্প বাস্তবায়নে এডিবি আরও সহায়তা করতে আগ্রহী বলে জানান তিনি।
পিপিপি অফিস ও অর্থমন্ত্রণালয়ের পিপিপি বিষয়ক ইউনিট স্থাপন ও লোকবলের প্রশিক্ষণে এডিবি সহযোগিতা করছে।
বিশ্ব ব্যাংকের আর্থিক খাত বিশেষজ্ঞ এ কে এম আব্দুল্লাহ বলেন, ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফ্যাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিজ (আইপিএফএফ) প্রকল্পের মাধ্যমে পিপিপিকে সহযোগিতা করছে বিশ্ব ব্যাংক।
বাংলাদেশে এ প্রকল্প নিয়ে বিশ্ব ব্যাংক বেশ আগ্রহী বলে জানান তিনি।
অধিবেশনটি পরিচালনা করেন পাবলিক ফাইন্যান্স সিস্টেমের পরিচালক অতিরিক্ত সচিব মো. মুসলীম চৌধুরী। এছাড়া অর্থমন্ত্রণালয়ের পিপিপি ইউনিটের উপসচিব ফারুক হোসাইন বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচ/এসইউ/২২২৬ ঘ.
bdnews24