ঢাকা ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঞ্চলিক বাণিজ্য বাড়াতে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিযোগিতার বদলে সহযোগিতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন দেশটির বাণিজ্য সচিব এস আর রাও।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে এক আলোচনা সভায় এস আর রাও বলেন, “ধারনা করা হচ্ছে ২০২০ সালে বিশ্বের মোট বাণিজ্যের ৬০ শতাংশ এশিয়ার দেশগুলোতে হবে। আগামী দিনগুলোতে বাণিজ্য বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক প্রতিযোগিতা হবে। কিন্তু প্রতিযোগিতার চেয়ে দুদেশের মধ্যে সহযোগিতা বেশি প্রয়োজন।”
ভারতের বিনিয়োগকারিদের বিশ্বের অন্যান্য দেশে বিনিয়োগ না করে পাশ্ববর্তী দেশগুলোতে বিনিয়োগ করা উচিত বলে তিনি মনে করেন।
“বাংলাদেশে কম খরচে পণ্য প্রস্তুত করা হচ্ছে। এজন্য ভারতের ব্যবসায়ীদের উচিত বাংলাদেশকে আরও গুরুত্ব দেয়া।”
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
ইন্ডিয়া শো উপলক্ষে ভারতের বাণিজ্য সচিব বাংলাদেশ সফর করছেন। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্ডিয়া শো শুরু হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, এফআইসিসিআই সভাপতি রাজ্য বর্ধন কানোরিয়া, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের সভাপতি আবদুল মাতলুব আহমেদ।
এফআইসিসিআই সভাপতি রাজ্য বর্ধন কানোরিয়া ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর জন্য বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।
এগুলোর মধ্যে রয়েছে দু’দেশের ব্যবসায়ীদের জন্য দীর্ঘ মেয়াদে বহুমুখী ভিসা চালু, পণ্য পরিবহন আরও দ্রুত ও সহজ করতে মাল্টিমোড ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু, ভারতীয় বিনিয়োগকারিদের বাংলাদেশে স্পেশাল ইকোনোমিক জোন (এসইজেড) স্থাপনের ব্যবস্থা করা, বন্দরের অবকাঠামো উন্নয়ন, দুদেশের কাস্টমসের নিয়ম-কানুন একই রকম করা এবং ব্যাংকিং সুবিধা বাড়ানো।
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির বিষয়ে তিনি বলেন, ভারতীয় বিনিয়োগকারিদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বাড়লে এখান থেকে ভারতে রপ্তানি বাড়বে।
মাতলুব আহমদ বলেন, ভারতীয় উদ্যোক্তারা বাংলাদেশকে তাদের উৎপাদন কেন্দ্র বানাতে চায়। তারা চায় এদেশে বিনিয়োগ করে উৎপাদন করবে, একইসঙ্গে তাদের দেশে রপ্তানি করবে।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসইউ/১৪১৯ ঘ.
bdnews24