ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসীরা ১১০ কোটি ডলার দেশে পাঠানোর পর অর্থবছরের প্রথম পাঁচ মাসে রেমিটেন্সের অঙ্ক ৬০০ কোটি ডলার ছাড়িয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০১২-১৩ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৬১১ কোটি ডলারের রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক ১৬ শতাংশ বেশি।
গত ২০১১-১২ অর্থবছরের নভেম্বর মাসে ৯০ কোটি ৮৮ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছিল। গত বছরের জুলাই-নভেম্বর সময়ে এই অঙ্ক ছিল ৪৯২ কোটি ১৪ লাখ ডলার।
কোরবানির ঈদ ও দুর্গাপূজার মাস গত অক্টোবরে রেমিটেন্সে নতুন রেকর্ড হয়। ওই মাসে প্রবাসীরা ১৪৫ কোটি ৩৬ লাখ ডলার দেশে পাঠান।
রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারার কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক অবস্থায় রয়েছ। সোমবার রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ১২শ’ কোটি (১২ বিলিয়ন) ডলার।
প্রবাসী আয়ের ওপর ভর করে গত ১৮ অক্টোবর দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ১২শ’ কোটি ডলার ছাড়িয়ে যায়। নভেম্বরের প্রথম সপ্তাহে তা আরো বেড়ে ১২ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে উঠে।
এর পর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর তা ১২শ’ কোটি ডলারে নেমে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯০৫ ঘ.
bdnews24