ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে সোমবার জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শেষ করবে দুর্নীতি দমন কমিশন। এর প্রতিবেদন হাতে পেলেই ‘আইন অনুযায়ী ব্যবস্থা’ নেয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।
রোববার বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দলের সঙ্গে দুদক কর্মকর্তাদের বৈঠকের পর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, “আগামীকাল সাবেক যোগাযোগমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। সে অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”
কারো বিরুদ্ধে মামলা করা হবে কি না জানতে চাইলে ‘এখনই’ কিছু বলতে অস্বীকার করেন গোলাম রহমান।
তিনি বলেন, “মামলা করতে গেলে সাক্ষী সাবুদ ও দালিলিক প্রমণের প্রয়োজন হয়। এ জন্য অনুসন্ধান প্রতিবেদন প্রয়োজন। ওই প্রতিবেদন পর্যালোচনা করেই ব্যবস্থা নেয়া হবে।”
প্রথম দিকে তদন্তে দুর্নীতির তথ্য-প্রমাণ না পাওয়ার দাবি করলেও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গত ২৭ নভেম্বর জানান, প্রকল্পের কাজ পাওয়ার জন্য ঘুষ লেনদেনের ‘ষড়যন্ত্রের’ তথ্য পেয়েছেন তারা।
পর্যবেক্ষকদের সঙ্গে দুদকের বৈঠক শেষে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন সাংবাদিকদের বলেন, “দুদককে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এই সেতুকে বাস্তবে পরিণত করার বিষয়টি এখন দুদকের হাতে।”
এই প্রকল্প এগিয়ে নেয়ার জন্য দুর্নীতির অভিযোগের ‘অবাধ ও সুষ্ঠু’ তদন্ত ‘খুবই জরুরি’ বলেও মন্তব্য করেন তিনি।
দুদক চেয়ারম্যান দাবি করেন, তদন্তের অগ্রগতি নিয়ে বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষকরা ‘মোটামুটি সন্তুষ্ট’।
সাংবাদিকদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে গোলাম রহমান বলেন, “আগাম কিছু বলা ঠিক হবে না। যে কোনো কিছুর একটা কনক্লুশন গুরুত্বপূর্ণ। আপনারা অপেক্ষা করেন, জানতে পারবেন।”
এই দুর্নীতির অভিযোগেই গত জুনে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করেছিল বিশ্ব ব্যাংক। তবে সরকারের তৎপরতায় ‘শর্তসাপেক্ষে’ আবার ফেরার ঘোষণা দেয় বহুজাতিক সংস্থাটি।
এর আগেই সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দুদক দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে। যোগাযোগ মন্ত্রীর পদ থেকে সৈয়দ আবুল হোসেনকে সরে যেতে হয়। ‘ছুটিতে’ যেতে হয় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও সাবেক সেতু সচিব মোশারফ হোসেন ভূঁইয়াকে।
ওই তিন জন ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং আরো ২৪ জনকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের তদন্ত কর্মকর্তারা।
দুদকের তদন্তের অগ্রগতি দেখতে শনিবার রাতে ঢাকা পৌঁছান পর্যবেক্ষক দলের তিন সদস্য আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান আইনজীবী লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো, হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।
সকালে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে এ প্রকল্পের অন্য দাতা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বিকালে প্রায় সোয়া এক ঘণ্টা দুদক কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা।
ওকাম্পো নেতৃত্বাধীন এই প্যানেলের প্রতিবেদনের ওপরই ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলারের ঋণ দেয়ার বিষয়টি নির্ভর করছে।
প্রকল্পের বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনার জন্য বিশ্ব ব্যাংকের আরেকটি প্রতিনিধি দল পরে কোনো এক সময় বাংলাদেশে আসার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৯২৪ ঘ.
bdnews24