২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ টাকা দরে আমন চাল কিনবে সরকার

সচরাচর আমন চাল সংগ্রহ করা হয় না হলেও কৃষকদের প্রণোদনার পাশাপাশি মজুত বাড়াতে এই সিদ্ধান্ত হয়েছে বলে খাদ্যমন্ত্রী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মৌসুমে প্রতি কেজি ২৬ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে প্রতি কেজি ২৬ টাকা দরে ২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল এবং প্রতি কেজি ২৫ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনা হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন চাল সংগ্রহ অভিযান চলবে। রোববার মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। সচরাচর আমন চাল সংগ্রহ করা হয় না জানিয়ে মন্ত্রী বলেন, কৃষকদের প্রণোদনা দিতে এবং সংকট মোকাবেলায় ভবিষ্যৎ মজুত রাখতেই এ সিদ্ধান্ত এবার আমন চাল সংগ্রহ করা হচ্ছে। এবার এক কোটি মেট্রিক টনের বেশি আমন ধান উৎপাদন হতে পারে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম ফসল আমনের জন্য সেচ দিতে হয় না এবং সারের প্রয়োজন কম হয় বলেই চালের দাম প্রতি কেজি ২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার আমনের চালের উৎপাদন খরচ ২৪ টাকা ৭৬ পয়সা। গুদামের মজুদ ক্ষমতা বিবেচনা সাপেক্ষে আমন সংগ্রহের পরিমাণ আরো বাড়তে পারে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ১৫ দিন পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, সরু ও উন্নতমানের চাল রপ্তানি অব্যাহত থাকবে। আর অন্যান্য চাল রপ্তানি হবে কিনা তা ১৫ দিন পরে সিদ্ধান্ত নেয়া হবে। বর্তমানে সরকারি গুদামে ১৭ লাখ ৫০ লাখ মেট্রিক টন চালের ধারণক্ষমতা আছে। আগামী জুনের মধ্যে ধারণক্ষমতা ১৯ লাখ মেট্রিক টনে পৌঁছাবে বলে জানান মন্ত্রী। বর্তমানে কোনো খাদ্য সঙ্কট নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে মোট সাড়ে ১৪ লাখ মেট্রিক টন খাদ্য শস্য মজুদ রয়েছে, এর মধ্যে চাল রয়েছে সাড়ে ১২ লাখ টন এবং গম রয়েছে আড়াই লাখ টন। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্যি যে, বাজারে বর্তমানে চালের দাম কম, মোটা চালের দাম ২২ থেকে ২৭ টাকা এবং মিনিকেটের দাম ৩১-৩২ টাকা প্রতি কেজি। সরকারের আমন সংগ্রহে অভিযানে চালের দাম কিছুটা বাড়লে কৃষক উপকৃত হবে বলে মনে করেন মন্ত্রী। খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, অর্থসচিব, কৃষি সচিব, বাণিজ্য সচিব ও ভারপ্রাপ্ত খাদ্যসচিবসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএএইচ/এমআই/১৯০৫ ঘ.