২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় শাপেবর, বিদেশি সাহায্যে গতি

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের চেয়ে বৈদেশিক সাহায্য প্রায় তিনগুণ বেশি এসেছে। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের চেয়ে বৈদেশিক সাহায্য প্রায় তিনগুণ বেশি এসেছে। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ ওঠায় বিদেশি অর্থায়নপুষ্ট প্রকল্প বাস্তবায়নে সরকার সতর্ক হওয়ায় সাহায্য প্রবাহে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন একজন বিশেষজ্ঞ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ ওঠায় সরকার এখন স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে।” অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ হিসাবে চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৩৩ কোটি ৪৭ লাখ ডলারের নিট বৈদেশিক সাহায্য দেশে এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৭৬ শতাংশ বেশি। ২০১১-১২ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ১২ কোটি ১৪ লাখ ডলারের নিট সাহায্য এসেছিল। প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিক হয়েছে মন্তব্য করে জায়েদ বখত বলেন, “প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যেই আন্ত:মন্ত্রণালয় কমিটি করেছে। ডোনাররা এতে খুশি হয়েছে। তারা এখন পাইপলাইনে থাকা ঋণ-সহায়তা ছাড় করছে।” বিদেশি সাহায্য বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলেও মনে করেন তিনি। জায়েদ বখত বলেন, “১০ থেকে ১২ বিলিয়ন ডলার বিদেশি সাহায্য পাইপলাইনে আটকে আছে। সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করলে আটকে পড়া সাহায্যের পাশাপাশি নতুন সাহায্য প্রবাহও বাড়বে।” বিদেশি সাহায্য বাড়ায় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ কমেছে বলেও মনে করেন তিনি। বিদেশি সাহায্য প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও সম্প্রতি এক প্রতিবেদনে বলেন, “বৈদেশিক উৎস থেকে প্রাপ্ত ঋণ অনুদান বাড়ায় ব্যাংক উৎস হতে ঋণ গ্রহণের পরিমাণ লক্ষ্যমাত্রার মধ্যে সীমিত থাকবে বলে প্রত্যাশা করছি।” চলতি বাজেটে ব্যাংক থেকে ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার কোটি টাকা। অর্থবছরের পাঁচ মাসে (নভেম্বর পর্যন্ত) সাড়ে আট হাজার কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। গত বছরের এ সময়ে যার পরিমাণ ছিল ১৬ হাজার কোটি টাকা। ইআরডি’র তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট ৫২ কোটি ৩৫ লাখ ডলারের বিদেশি ঋণ-সহায়তা দেশে এসেছে। এর মধ্যে আগের নেয়া ঋণের সুদ-আসল পরিশোধে ব্যয় হয়েছে ১৮৮ কোটি ৮৮ লাখ ডলার। এ হিসাবে অর্থবছরের প্রথম প্রান্তিকে নিট বিদেশি সাহায্যের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ কোটি ৪৭ লাখ ডলার। গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট ২৮ কোটি ৯৯ লাখ ডলারের বিদেশি সাহায্য দেশে এসেছিল। আগের নেয়া ঋণের সুদ-আসল পরিশোধে চলে গেছে ১৬ কোটি ৮৫ লাখ ডলার। নিট সাহায্যের পরিমাণ ছিল ১২ কোটি ১৪ লাখ ডলার। ২০১১-১২ অর্থবছরে মোট ১২৪ কোটি ৭৮ লাখ ডলার বৈদেশিক সাহায্য দেশে এসেছিল। আগের অর্থবছরে (২০১০-১১) এসেছিল ১০৪ কোটি ৯৬ লাখ ডলার। দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯ জুন পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। গত বছর সেপ্টেম্বরেই এই ঋণচুক্তি স্থগিত করা হয়েছিল। বাংলাদেশ সরকারের নানা তৎপরতার পর নতুন কিছু শর্তে এ বছরের ২০ সেপ্টেম্বর পদ্মা প্রকল্পে ফিরে আসার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/২২০৬ ঘ.