এফবিসিসিআই নির্বাচনে আকরাম প্যানেল জয়ী
এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে ৩০টি পরিচালক পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে আকরামের প্যানেল।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে জয় লাভ করেছে কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্যানেল।
শনিবার এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে ৩০টি পরিচালক পদের মধ্যে ২০ জন জয়ী হয়েছেন আকরামের প্যানেল থেকে। এর মধ্যে চেম্বার গ্রুপের ১৫টি পদের মধ্যে ১১টি এবং অ্যাসোসিয়েশন গ্রুপের ১৫টির মধ্যে ৯টিতে জয় পেয়েছে এই প্যানেল।
শনিবার বিকাল সাড়ে পাঁচটায় ভোটগ্রহণ শেষে রাতভর ভোট গণনা চলে। গণনা শেষে সর্বশেষ রোববার ভোর পৌনে ছয়টায় অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে পরিচালক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের প্রধান সংসদ সদস্য আলী আশরাফ।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে চেম্বার গ্রুপ থেকে পরিচালক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
চেম্বার গ্রুপের বাকি চার পরিচালক নির্বাচিত হন প্রতিদ্বন্দ্বী প্যানেল আনিসুল হক সমর্থিত ‘গণতান্ত্রিক পরিষদ’ থেকে। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে এই প্যানেলের ৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শুরুতে ২৬ মিনিট দেরি হওয়ায় নির্ধারিত সময় ৪টার পরও ভোট নেয়া হয়।
