২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই নির্বাচনে এগিয়ে আকরাম প্যানেল

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে চেম্বার গ্রুপে কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্যানেল ১৫টির মধ্যে ১১টিতে জয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 11:17 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে চেম্বার গ্রুপে কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্যানেল ১৫টির মধ্যে ১১টিতে জয়ী হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনী বোর্ডের প্রধান সংসদ সদস্য আলী আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “গণতান্ত্রিক পরিষদের নেতৃত্বদানকারী আনিসুল হক সমর্থিত প্যানেল থেকে বাকি চার জন নির্বাচিত হয়েছেন।”

অ্যাসোসিয়েশন গ্রুপের ভোট গণনা চলছে। গণনা শেষ হতে আরো সময় লাগবে বলে জানান আশরাফ।

রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শুরুতে ২৬ মিনিট দেরি হওয়ায় নির্ধারিত সময় ৪টার পরও ভোট নেয়া হয়।

চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত পরিচালকদের মধ্যে আকরামের প্যানেলের আমিনুল হক শামীম সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৬২।

আকরামের প্যানেল থেকে নির্বাচিত অন্য ১০ পরিচালক হলেন- রেজাউল করিম রেজনু, বজলুর রহমান, মনোয়ারা হাকিম আলী, মমতাজ উদ্দিন, প্রবীর কুমার সাহা, এ কে এম সাইদ রেজা, আব্দুল ওয়াহেদ, জালাল উদ্দিন আহমেদ ইয়ামিন, সিরাজুল হক ও বিজয় কুমার কেজরীওয়াল ।

আনিসুল হক সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আনোয়ার স’াদাত, তাবারাকুল তোসাদ্দেক হোসেন, কহিনূর ইসলাম ও গোলাম মোস্তফা তালুকদার।

সকাল থেকে চলা নির্বাচনে মোট ২০০১ জন ভোটারের মধ্যে ১৮২২ জন ভোট দিয়েছেন। এর মধ্যে চেম্বার গ্রুপের ৩৯০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৮৩ জন। অ্যাসোসিয়েশন গ্রুপের ১৬১১ জনের মধ্যে ১৪৩৯ জন ভোট দিয়েছেন।

ভোট শেষে আনিসুল হক সাংবাদিকদের বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে।

চেম্বার গ্রুপ থেকে পরিচালক পদে নির্বাচিত একমাত্র নারী মনোয়ারা হাকিম আলী বলেন, “নির্বাচনের ফলাফলে আমি খুশি ও আনন্দিত। গত মেয়াদেও আমি নির্বাচিত হয়েছিলাম। তখন যে সমস্ত কাজ করতে পারিনি এবার তা করব।

“আমি জেলা জেলায় ঘুরেছি। সেখানে শুধু সমস্যাই নেই, সম্ভাবনাও আছে। সমস্যাগুলো সমাধানের পাশাপাশি সম্ভাবনাগুলো কাজে লাগানোর চেষ্টা করব।”

দিনভর উত্তেজনার মধ্যে এক ভোটারকে মারধরের অভিযোগ এসেছে। দুপুর ১টার দিকে অ্যাসোসিয়েশন গ্রুপের ভোটার হাজী আমিরুদ্দীন বিপু এই অভিযোগ করেন।

গণতান্ত্রিক পরিষদের এই সমর্থক দাবি করেন, কাজী আকরাম উদ্দিন আহমদ নেতৃত্বাধীন প্যানেলের সমর্থকরা তাকে মারধর করেছে।

আমিরুদ্দীন পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, তার ভোটার নম্বর ৯৪৩।

সকালে আনিসুল হকও ফেডারেশন ভবনে গিয়ে প্রতিপক্ষের বাধার মুখে পড়েন। ভোটার কিংবা প্রার্থী না হওয়ার পরও তার সেখানে যাওয়া নিয়ে আপত্তি তোলা হয়।

পরে আনিসুল হক ঢাকা চেম্বার ভবনে অবস্থান নেন। তিনি সাংবাদিকদের বলেন, তিনি আইনি সীমা লঙ্ঘন না করলেও তাকে বাধা দেয়া হয়।

এদিকে ব্যালট বাক্স এবং প্রার্থীদের এজেন্টদের বসার স্থান নিয়ে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান এবং নির্বাচনী বোর্ডের কর্মকর্তাদের বদানুবাদের কারণে ভোটগ্রহণ শুরুতে ২৬ মিনিট দেরি হয়।

নতুন নেতৃত্ব বেছে নিতে সকাল থেকে ভোট দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাধারণ সদস্যরা।

সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত ও মনোনীত পরিচালকরাই আগামী ২৬ নভেম্বর ঠিক করবেন- কে হবেন সমিতির নতুন সভাপতি।

এবারের নির্বাচনে ৩০টি পরিচালক পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৬৩ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে চেম্বার গ্রুপে ৩০ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অ্যাসোসিয়েশন গ্রুপের সদস্যরা শুধু এই গ্রুপের প্রার্থীদের এবং চেম্বার গ্রুপের সদস্যরা শুধু এই গ্রুপের প্রার্থীদের ভোট দিতে পেরেছেন। একজন ভোটার সর্বোচ্চ ১৫ জনকে ভোট দিতে পারেন।

এছাড়া চেম্বার গ্রুপে মনোনীত পরিচালকরা হলেন- বাংলাদেশ চেম্বারের মহব্বত উল্লাহ, বরিশাল চেম্বারের শওকত হোসেন হিরণ, চট্টগ্রাম চেম্বারের এম এ সালাম, ঢাকা চেম্বারের আসিফ ইব্রাহিম, খুলনা চেম্বারের কাজী আমিনূল হক, এমসিসিআইর গোলাম মাঈনুদ্দিন, রংপুর চেম্বারের মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সিলেট চেম্বারের সালাহ উদ্দিন আলী আহমেদ ও রাজশাহী চেম্বারের মোহাম্মাদ আলী সরকার।

আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মনোনীত পরিচালকরা হলেন- বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) থেকে কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীস বাংলাদেশের (বায়রা) শাহজালাল মজুমদার, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির আব্দুল মুক্তাদির, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার এসোসিয়েশনের কাজী শাহনেওয়াজ, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস এসোসিয়েশনের (বিজিএমইএ) কে এম জামান রোমেল, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের (বিজেএমএ) নাজমুল হক, বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার এসোসিয়েশনের (বিকেএমইএ) এ কে এম সেলিম ওসমান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) জাহাঙ্গীর আলামীন।

দুটি প্যানেলের মধ্যে একটির নেতৃত্বে রয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, যিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের পক্ষ থেকে মনোনীত হয়ে ইতোমধ্যে সংগঠনটির পরিচালক। তিনি সভাপতি প্রার্থী।

অন্য প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের সাবেক সভাপতি আনিসুল হক, যদিও তিনি নিজে নির্বাচনে অংশ নিচ্ছেন না।

৭৩টি ব্যবসায়ী চেম্বার ও ৩২৬টি অ্যাসোসিয়েশন এফবিসিসিআইয়ের সদস্য। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৫০টি চেম্বার থেকে ৬ জন করে এবং ‘বি’ ক্যাটাগরির ২৩টি চেম্বার থেকে ৪ জন করে ভোটার রয়েছেন।

এর বাইরে ‘এ’ ক্যাটাগরির ৩১৮টি অ্যাসোসিয়েশন থেকে ৫ জন করে এবং ‘বি’ ক্যাটাগরির আটটি অ্যাসোসিয়েশন থেকে ৪ জন করে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন।

তবে নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন পক্ষে কারা ভোটার হবেন, তা সংশ্লিষ্ট সংঠনের পরিচালনা পর্ষদই নির্ধারণ করে।

নির্বাচন পদ্ধতি

প্রতি দুই বছর পরপর এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের নির্বাচন হয়। পর্যায়ক্রমে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রতি দুইবছর পরপর সভাপতি নির্বাচন করা হয়।

পরিচালনা পরিষদের মোট সদস্য ৪৮ জন। এদের মধ্যে সদস্য চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে নয়টি চেম্বার ও নয়টি অ্যাসোসিয়েশন রয়েছে যাদের মধ্য থেকে এফবিসিসিআইয়ের পরিচালনা পরিষদে একজন করে মোট ১৮ জন পরিচালক মনোনীত হন, যাদের সাধারণ সদস্যদের সমর্থন বা ভোটের দরকার হয় না।

এ ছাড়া বাকি ৩০ জন পরিচালককে সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত হতে হয়। এই ৩০ জনের মধ্যে ১৫ জন চেম্বার গ্রুপ থেকে এবং ১৫ জন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত করা হয়।

নির্বাচিত ও মনোনীত পরিচালকরাই আগামী ২৬ নভেম্বর সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন। ২৯ নভেম্বর নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান কমিটি।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আশরাফ জানান, নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন না। এ ছাড়া আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন, ক্যামেরা ও ব্যাগ সঙ্গে রাখাও নিষিদ্ধ থাকবে।