হল-মার্কের সম্পদ অধিগ্রহণ হচ্ছে না
হল-মার্ক গ্রুপের স্থাবর ও অস্থাবর সম্পদ নিয়ন্ত্রণে নেয়ার বা অধিগ্রহণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
হল-মার্ক গ্রুপের স্থাবর ও অস্থাবর সম্পদ নিয়ন্ত্রণে নেয়ার বা অধিগ্রহণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ডেসটিনি গ্রুপের প্রশাসক নিয়োগের পরিকল্পনার মধ্যে সঙ্কটের মধ্যে থাকা হল-মার্ক গ্রুপের বিষয়ে রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানালেন মন্ত্রী।
মুহিত বলেন, “হল-মার্ক গ্রুপের স্থাবর ও অস্থাবর সম্পদ ও সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নেয়ার বা অধিগ্রহণের কোনো পরিকল্পনা নেই।”
অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকা তুলে নেয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হল-মার্ক গ্রুপের কর্ণধার তানভীর মাহমুদসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। এর ফলে প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।
মুহিত আরো বলেন, হল-মার্ক গ্রুপের সম্পত্তি সরেজমিনে পরিদর্শন করে দলিলপত্রাদি সম্পর্কে নিশ্চিত হওয়া ও মূল্যায়নের জন্য সোনালী ব্যাংক পাঁচ সদস্যের কমিটি করেছে। এছাড়া সম্পত্তি মূল্যায়নের জন্য ব্যাংক জরিপ প্রতিষ্ঠানকে কাজে লাগিয়েছে।
হল-মার্কের মতো কেলেঙ্কারি ভবিষ্যতে এড়াতে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে বলেও সংসদ সদস্য সাধনা হালদারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান।
“ভবিষ্যতে এই ধরনের প্রতারণামূলক ব্যাংকিং কার্যক্রম যাতে সংঘটিত হতে না পারে, সেজন্য শাখা পর্যায়ের ইনল্যান্ড বিল ক্রয় (আইবিপি) করার ক্ষমতা খর্ব করে প্রধান কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সোনালী ব্যাংকের এডি শাখাগুলোর কার্যক্রম তদারকির জন্য এডি ব্রান্সেস ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং ডিভিশন নামে একটি পৃথক ডিভিশন খোলা হয়েছে।”
সংসদ সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে সোনালীসহ অন্যান্য ব্যাংকে আর্থিক অনিয়ম উদঘাটিত হয়েছে।
হল-মার্কসহ ছয়টি গ্রুপের নামসর্বস্ব প্রতিষ্ঠান নিজেদের মধ্যে স্থানীয় এলসি স্থাপন, অভ্যন্তরীণ বিল ক্রয়, ভুয়া রপ্তানি বিল ক্রয়, অ্যাকোমোডেশন বিল সৃষ্টি এবং প্যাকিং ক্রেডিট সুবিধার মাধ্যমে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ৩ হাজার ৫৪৭ কোটি টাকা হাতিয়ে নেয় বলে সংসদে জানানো হয়।
একই ধরনের জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের গুলশান শাখায় ১০৬ কোটি ৮১ লাখ এবং আগারগাঁও শাখায় ১৪১ কোটি টাকা জালিয়াতি হয়েছে বলেও মন্ত্রী জানান।
তিনি আরো জানান, সোনালী ব্যাংক ছাড়াও রাষ্ট্রয়াত্ত রূপালী ব্যাংকের লোকাল অফিস থেকে মেসার্স মাদার টেক্সাইল মিলস লিমিটেড ২১৭ কোটি ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা উৎঘাটিত হয়েছে।
এছাড়া অগ্রণী, জনতা ও বেসিক ব্যাংকের কতিপয় গ্রাহকের হিসাবে কিছু জাল-জালিয়াতি ও অনিয়ম সংঘটিত হয়েছে, যার পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে।
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, জালিয়াতি ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মামলাগুলো দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। দুদক জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
ব্যাংকিং খাতে জালিয়াতি সংঘটিত হওয়ার আগেই পূর্বাভাস নির্ণয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন পদ্ধতিকে উন্নত ও যুগোপযোগী করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।
এজন্য একজন অভিজ্ঞ ব্যাংকারকে ফ্রড রিস্ক ডিটেকশন অ্যান্ড রিস্ক মিটিগেশন অ্যাডভাইজর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, যিনি কাজ শুরু করেছেন।
অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কৃষি ঋণসহ মোট ২ লাখ ১৩ হাজার ৫৮৮টি ঋণ হিসাবের বিপরীতে ৪ হাজার ৫৬১ কোটি ১৫ লাখ টাকার সুদ মওকুফ করা হয়েছে।
ফজলুল আজিমের প্রশ্নের জবাবে মুহিত জানান, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ এখন ১ হাজার ২২৭ কোটি ডলারের বেশি।
গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে বর্তমানে বাংলাদেশে ৩৭টি প্রকল্প চালু আছে।
