২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেচে বিদ্যুৎ সরবরাহ বাড়ছে, অপেক্ষা নতুন সংযোগে

আসন্ন বোরো মৌসুমে সেচ পাম্পে ব্যবহারের জন্য ১৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যা আগের বছরের চেয়ে প্রায় দেড়শ মেগাওয়াট বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 05:46 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

আসন্ন বোরো মৌসুমে সেচ পাম্পে ব্যবহারের জন্য ১৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যা আগের বছরের চেয়ে প্রায় দেড়শ মেগাওয়াট বেশি।

তবে সিদ্ধান্ত না হওয়ায় নতুন সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনকারীদের অপেক্ষায়ই থাকতে হচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ভাষ্য মিলেনি।

বুধবার সচিবালয়ে বোরোর সেচে বিদ্যুৎ সরবরাহ বিষয়ে এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী এনামুল হক।

সেচ পাম্পের জন্য বিদ্যুৎ সরবরাহের নতুন লক্ষ্যের তথ্য তুলে ধরে তিনি সাংবাদিকদের বলেন, “সেচে বিদ্যুতের চাহিদা ১০ শতাংশের মতো বেড়েছে। এবার বোরো মৌসুমে ১৭০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ লাগবে।”

বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী, গত বোরো মৌসুমে সেচের জন্য বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৫৫৩ মেগাওয়াট।

বিগত বছরগুলোর মতোই এবারো রাত ১১টা থেকে সকাল ৭ পর্যন্ত সেচ পাম্পে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানান মন্ত্রী।

এবার বোরো মৌসুমে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের জন্য পেট্রোবাংলাকে অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর সাংবাদিকদের বলেন, “গত বোরো মৌসুমে আমরা ৯০০ মিলিয়ন ঘনফুটেরও বেশি গ্যাস সরবরাহ করেছি। এবার ডিসেম্বরের মধ্যে ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়বে এবং ওই গ্যাস সরবরাহ করা হবে।”

এদিকে গত বোরো মৌসুমের পর থেকে নতুন সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। নতুন সংযোগের জন্য প্রায় ২৮ হাজারটি আবেদন জমা রয়েছে।

নতুন সংযোগের বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, “এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।”