২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিটার্ন জমার সময় বাড়লো এক মাস

এখনো যারা আয়কর বিবরণী দেননি- তারা ৩১ অক্টোবর পর্যন্ত তা জমা দিতে পারবেন বলে জানিয়েছে এনবিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি শ্রেণীর কর দাতাদের আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখনো যারা আয়কর বিবরণী দেননি- তারা ৩১ অক্টোবর পর্যন্ত তা জমা দিতে পারবেন। এনবিআর আয়কর বিভাগের সদস্য এম এ কাদের সরকার সাংবাদিকদের জানিয়েছেন, এনবিআরের বিভিন্ন সার্কেল অফিসের ঠিকানা পরিবর্তন হওয়ায় করদাতাদের অসুবিধা হচ্ছিল। এ জন্য এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সরকারের কাছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে। বিষয়টি বিবেচনায় রেখেই রিটার্ন জমার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়ার কথা থাকলেও প্রতি বছরই ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের দাবিতে শেষ মুহূর্তে এই সময় বাড়ানো হয়। অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে- এমন কথা বলে গত বছর ‘রিটার্ন’ জমার সময় বাড়ানো হয়েছিল ২ সপ্তাহ। করদাতাদের সমস্যার কথা উল্লেখ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবার রিটার্ন জমার মেয়াদ এক মাস বাড়ানোর দাবি জানায়। অন্যবার ৩০ সেপ্টেম্বর রাতে রিটার্ন জমা দেয়ার মেয়াদ বাড়ানো হলেও এবার এ ঘোষণা আসে দুপুরেই। এনবিআরের শীর্ষ কর্মকর্তারা রোববার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হেয়ার রোডের বাসায় এ বিষয়ে বৈঠকে বসেন। এ সময় অর্থমন্ত্রী সময় বাড়ানো সংক্রান্ত নথিতে অনুমোদন দেন বলে এনবিআরের আয়কর বিভাগের সদস্য এম এ কাদের সরকার সাংবাদিকদের জানান। তিনি বলেন, “বর্ধিত সময়ের মধ্যে আয়কর বিবরণী জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা হবে।” রোববারও ঢাকার কর অঞ্চলগুলোর সার্কেল কার্যালয়ে আয়কর বিবরণী জমা দিতে আসা করদাতাদের ভিড় দেখাস যায়। তবে অনেক করদাতা সার্কেল কার্যালয়ে এসে জানতে পারেন যে তাদের সার্কেল বদলে গেছে। এতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। এরই মধ্যে দুপুরের দিকে খবর আসে- রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে। রাজস্ব বোর্ডের হিসাবে, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ৩৫ লাখ ২৭ হাজার ৭৯২ জন হলেও নিয়মিত আয়কর দেন ১৪ লাখের কিছু বেশি মানুষ। গত বৃহস্পতিবার পর্যন্ত এনবিআরের প্রাথমিক হিসাব অনুযায়ী সারাদেশের বিভিন্ন কর কার্যালয়ে দুই লাখ ৮০ হাজার ৫৪৮ জন টিআইএনধারী তাদের বিবরণী জমা দিয়েছেন। আয়কর পাওয়া গেছে এক হাজার ৫০ কোটি টাকা। গত বছর একই সময়ে দুই লাখ ৩১ হাজার ৮৮ জন টিআইএনধারী আয়কর বিবরণী জমা দেন। কর পাওয়া যায় ৬০৯ কোটি টাকা। এনবিআরের হিসাবে, ১৯৭২-১৯৭৩ অর্থবছরে দেশে আয়কর আদায় হয়েছিল ১০ কোটি ৩৬ লাখ টাকা, যা ২০১১-২০১২ অর্থবছরে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৬১ কোটি ৮৭ লাখ টাকা। দেশে বর্তমানে কর ও জিডিপির অনুপাত ১০ দশমিক ৪৯ শতাংশ। ২০১৬ সালের মধ্যে এটা ১৩ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের মাধ্যমে রাজস্ব সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে এক লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা। এর মধ্যে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ৩৫ হাজার ৩০০ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৩৫৫ ঘ.