ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটর রবি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন ২০১২) ৯২৬ কোটি ৭০ লাখ টাকা রাজস্ব আয় করেছে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রবির দ্বিতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশে এক সংবাদ সম্মেলনে রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহতাবউদ্দিন আহমেদ এই তথ্য জানান।
মাহতাবউদ্দিন বলেন, দ্বিতীয় প্রান্তিকের রাজস্ব আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ২ শতাংশ বেশি।
চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ ২০১২) তুলনায় রাজস্ব আয় ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি।
মাহতাব জানান, রবি দ্বিতীয় প্রান্তিকে সরকারি কোষাগারে ৩৯৩ কোটি ২ লাখ টাকা জমা দিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্বিতীয় প্রান্তিকে রবি ১৫ লাখ নতুন গ্রাহক পেয়েছে, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ২৬ শতাংশ বেশি।
সংবাদ সম্মেলনে রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, “দ্বিতীয় প্রান্তিকে এ পরিমাণ রাজস্ব আদায়ে আমরা সন্তুষ্ট এবং রবির মার্কেট শেয়ারও খুব ভাল অবস্থায় রয়েছে।”
থ্রিজি লাইসেন্স বিষয়ে রবি আগ্রহী কি না- জানতে চাইলে তিনি বলেন, থ্রিজি লাইসেন্স নীতিমালা চূড়ান্ত হলে তা এবং স্পেকট্রামের মূল্য দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
সংবাদ সম্মেলনে রবির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) প্রদীপ শ্রীবাস্তবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২৩১৬ ঘ.
bdnews24