ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের প্রথম তিন সপ্তাহে প্রবাসী বাংলাদেশিরা ৮২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন।
সোমবার বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি সেপ্টেম্বর মাসের ২১ তারিখ পর্যন্ত ৮১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ডলার রেমিটেন্স এসেছে।
এর মধ্যে প্রথম সপ্তাহে এসেছে ২৫ কোটি ৮৮ লাখ ডলার। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এসেছে যথাক্রমে ২৯ কোটি ৬৯ লাখ এবং ২৬ কোটি ৩৩ লাখ ডলার।
রেমিটেন্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। সোমবার দিন শেষে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ১১ দশমিক ২০ বিলিয়ন ডলার।
চলতি মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ৭০ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ১ হাজার ১০০ কোটি (১১ বিলিয়ন) ডলারের নিচে নেমে এসেছিল। রেমিটেন্স বাড়ায় গত কয়েক দিনে তা আবার ওই অঙ্ক ছাড়িয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী মাসে আকুর আমদানি বিল পরিশোধ করতে হবে না। সেপ্টেম্বর-অক্টোবরের বিল পরিশোধ করতে হবে নভেম্বরের প্রথম সপ্তাহে।
অন্যদিকে কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা বেশি অর্থ পাঠালে রিজার্ভ আরো বাড়বে বলে মনে করছেন তিনি।
এছাড়া অক্টোবরের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) দ্বিতীয় কিস্তির প্রায় ১৫ কোটি ডলার রিজার্ভে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সে হিসাবে অক্টোবরের শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ প্রথম বারের মতো ১২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আভাস দেন ওই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএএইচ/এমআই/২২২২ ঘ.
bdnews24