২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংক তদন্ত করবে না, দেখবে: দুদক

নিজেরা তদন্ত করতে নয়, বরং দুর্নীতি দমন কমিশনের তদন্ত কার্যক্রম পর্যবেক্ষণ করতেই বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল আসছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান গোলাম রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 03:07 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেরা তদন্ত করতে নয়, বরং দুর্নীতি দমন কমিশনের তদন্ত কার্যক্রম পর্যবেক্ষণ করতেই বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল আসছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান গোলাম রহমান। বিশ্ব ব্যাংকের ওই প্রতিনিধি দল কবে আসছে- জানতে বহুজাতিক সংস্থার কাছে ই-মেইল পাঠানো হয়েছে বলেও জানান তিনি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান রোববার সাংবাদিকদের বলেন, “ওরা তদন্ত করবে না, কিংবা আমাদের তদন্তকাজে হস্তক্ষেপও করবে না। ওরা যা করবে, তা হচ্ছে মূলত আমাদের তদন্ত কাজ পর্যবেক্ষণ।” “আমাদের তদন্ত কাজের পরিপূর্ণতা, স্বচ্ছতা এবং ন্যায্যতা প্রত্যক্ষ করাই হবে এই টিমের মূল কাজ,” যোগ করেন তিনি। বাতিল হওয়া প্রকল্পে বিশ্ব ব্যাংক ফিরে আসার পর সরকার এই প্রকল্প নিয়ে নতুন করে যে কোনো জটিলতা এড়াতে চায় বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ রোববারই সাংবাদিকদের বলেন। “সরকার পদ্মা সেতু প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও দুর্নীতির অভিযোগ তদন্তে সহ-অর্থায়নকারীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে,” বলেন তিনি। বিশ্ব ব্যাংকের মনোনীত তিন সদস্যবিশিষ্ট প্যানেলের কাজ এবং দুদকের তদন্ত কাজের সঙ্গে সমন্বয়ের বিষয়ে গোলাম রহমান বলেন, পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতি’ তদন্তে বিশ্ব ব্যাংকের অন্যতম শর্ত ছিল- দুদকের তদন্তকাজ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ব ব্যাংক মনোনীত প্যানেলকে জানাতে হবে। সরকারের সঙ্গে বিশ্ব ব্যাংকের সমঝোতার অভাবে এতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটি আটকে ছিল বলে জানান তিনি। বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল এলে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে কি না- জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, “আমাদের তদন্ত কর্মকর্তারা যতটুকু করেছেন, তাতে যদি কোনো অসম্পূর্ণতা থাকে এবং যদি বিশ্ব ব্যাংক চায় তাহলে শুধু তাকে (আবুল হোসেন) নয়, এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে।” সমালোচনার মুখে থাকা মসিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটা তদন্ত কর্মকর্তারা বলতে পারবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২১০০ ঘ.