ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে বাদ পড়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এবং সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, যারা দুজনেই পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক উত্থাপিত দুর্নীতির জন্য সমালোচনার মুখে রয়েছেন।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠনে ওই দুজনের স্থানে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং রেলপথমন্ত্রী মুজিবুল হক।
মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে গত বুধবার এই কমিটি পুনর্গঠন হয়। বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম এই আদেশে স্বাক্ষর করেছেন।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আসতে শর্ত পূরণের অংশ হিসেবে আবুল হোসেন ইতোমধ্যেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান ছুটিতে গেছেন বলেও সরকারি সূত্র নিশ্চিত করলেও উপদেষ্টা নিজে দাবি করেছেন, তিনি ছুটিতে যাওয়ার কোনো আবেদন করেননি।
তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, , “পদ্মা সেতুসহ সরকারের কোনো আর্থিক বিষয়ে মসিউর রহমানের কোনো সম্পৃক্ততা থাকবে না।”
পুনর্গঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অর্থমন্ত্রী মুহিতই যথারীতি আহ্বায়ক হয়েছেন।
এতে সদস্য হিসেবে রাখা হয়েছে- পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বিমানমন্ত্রী ফারুক খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক।
এছাড়াও বৈঠকে উপস্থাপিত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এ কমিটির বৈঠকে সদস্য হিসেবে যোগ দেওয়ার সুযোগ পাবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪০ ঘ.
bdnews24