২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা-স্বাস্থ্য খাতে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান

শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সামাজিক উন্নয়নে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 10:13 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সামাজিক উন্নয়নে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যংকের (ডিবিবিএল) বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। ডিবিবিএল-এর এ কর্মসূচিকে ‘মহৎ উদ্যোগ’ হিসাবে আখ্যায়িত করে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষায় অবদান রাখার জন্য সমাজের বিত্তশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান অর্থমন্ত্রী। মন্ত্রী বলেন, “আগের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় ব্যক্তি উদ্যোগে এ ধরনের প্রচুর কার্যক্রম দেখা যেত। এখন সামন্ততান্ত্রিক সমাজ না থাকলেও সমাজে অনেক বিত্তশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা আছেন। আমি চাইব, এ ধরনের সামাজিক সচেতনতা ও চেতনা আপনাদের মধ্যে জাগরুক থাকুক।” অনুষ্ঠানে ডিবিবিএল-এর সামাজিক কল্যাণ কর্মসূচির অংশ হিসাবে ২০১২ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ দেশের বিভিন্ন কলেজে অধ্যয়নরত চার হাজার ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। ২ বছর সময়কালের এই বৃত্তির আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতিমাসে দুই হাজার টাকা ছাড়াও পাঠ্য উপকরণ কেনার জন্য বার্ষিক দুই হাজার পাঁচশ টাকা এবং পোশাক পরিচ্ছদের জন্য এক হাজার করে টাকা পাবে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী ও ডিবিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএইচ/১৬১০ ঘ.