ঢাকা/সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এর ফলে সেতুর অর্থায়ন নিয়ে সৃষ্ট ‘অনিশ্চয়তার কালো মেঘ’ কাটতে শুরু করেছে।
শুক্রবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনতলা সেতু নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের শর্ত সন্তোষজনকভাবে পূরণ করায় এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্মত হওয়ায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে তারা অর্থায়ন করবে।
আগের চুক্তি অনুযায়ী এ প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেয়ার কথা রয়েছে বিশ্ব ব্যাংকের। দুর্নীতির অভিযোগ তুলে গত জুনে ওই চুক্তি বাতিল করা হয়েছিল।
যোগাযোগ মন্ত্রী বলেন, “দুই পক্ষের মধ্যে কিছু পদ্ধতিগত ও প্রক্রিয়াগত কাজ করতে হবে। এজন্য অল্প কিছুদিন সময়ের প্রয়োজন হবে। বিশ্বব্যাংক প্রতিনিধি দল এলে উভয় পক্ষের আলাপ-আলোচনার পর সেটা বোঝা যাবে।”
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে কাদের বলেন, বর্তমান সরকারের মেয়াদেই পদ্মা সেতুর নির্মাণ শুরুর যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তা থেকে সরে আসার সুযোগ নেই।
“সরকার দ্রুততম সময়ের মধ্যে বহু প্রত্যাশিত এ সেতুর মূল অবকাঠামোর নির্মাণ শুরু করতে চায়”, বলেন যোগাযোগ মন্ত্রী।
সড়ক পরিদর্শনের সময় কর্তব্যে অবহেলার অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তরের বগুড়া সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন প্রামাণিক, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান এবং গাইবান্ধা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মংগেস সেলিমকে কারণ দর্শানোর নির্দেশ দেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24