ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা সিম ট্যাক্স বাবদ বকেয়া টাকার অর্ধেক আগামী ১০ দিনের মধ্যে পরিশোধের শর্তে তিন মুঠোফোন অপারেটর রবি, বাংলালিংক ও সিটিসেলের ব্যাংক হিসাব জব্দের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়া তিন অপারেটরের আবেদনের শুনানি শেষে এই স্থগিতাদেশ দেন।
এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট অপারেটররা অর্থ পরিশোধে ব্যর্থ হলে স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০০৬ সালের সিম ট্যাক্সের বকেয়া ৩৯২ কোটি টাকা নির্দিষ্ট সময়ে পরিশোধ না করায় তিন অপারেটের ব্যাংক হিসাব জব্দ করে।
এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত রোববার পৃথক রিট আবেদন দাখিল করে তিন অপারেটর। হাই কোর্টের একটি বেঞ্চ গত মঙ্গলবার ওই আবেদনের শুনানি গ্রহনে অস্বীকৃতি জানায়। এর বিরুদ্ধে তিনটি অপরারেটর গত বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে।
আদালতে বাংলালিংক ও সিটিসেলের পক্ষে ড. এম জহির এবং রবির পক্ষে এ এম আমিন উদ্দিন শুনানি করেন। এনবিআরের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক।
রবির আইনজীবী এ এম আমিনউদ্দিন সাংবাদিকদের বলেন, সিমের ওপর মূল্য সংযোজন করে বকেয়া বাবদ এনবিআর রবির কাছে ১৮১ কোটি টাকা দাবি করে । ওই টাকা না দেয়ায় তারা রবির ব্যাংক হিসাব জব্দ করে। এ নিয়ে রিট করা হলে হাই কোর্ট তা গ্রহণে অসম্মতি জানান। এর বিরুদ্ধে আবেদনটি করা হয়।
চেম্বার বিচারপতি আগামী ১০ দিনের মধ্যে ৫০ ভাগ অর্থ পরিশোধ করার শর্তে ব্যাংক হিসাব জব্দের আদেশ স্থগিত করেন বলে জানান তিনি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক বলেন, ২০০৬ সালের সিমের বকেয়া কর বাবদ তিনটি মুঠোফোন অপারেটরের কাছে ৩৯২ কোটি টাকা পরিশোধ করতে বলা হয়। এনবিআরের দাবি করা ওই অর্থের ৫০ ভাগ ১০ দিনের মধ্যে পরিশোধ করার শর্তে আদালত অপারেটরগুলোর ব্যাংক হিসাব জব্দের আদেশ স্থগিত করেছেন।
তিনি আরো বলেন, গ্রামীণফোনসহ এদের সবার বিরুদ্ধে একটি মামলায় আপিল বিভাগ রায় দিয়েছিল। সেই রায় অনুসারে গ্রামীণফোন ইতোমধ্যে টাকা পরিশোধও করে দেয়। কিন্তু এই তিন অপারেটর টাকা পরিশোধ না করায় এনবিআর তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্ধ করে।
“যেহেতু এই সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগের একটি রায় আছে এবং যেহেতু সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বের হয়নি। তাই হাই কোর্ট তাদের রিট শুনতে মৌখিকভাবে অস্বীকৃতি জানায়। এর বিরুদ্ধে তারা আপিল বিভাগে গেলে আজ চেম্বার বিচারপতির আদেশ আসে,” বলেন ইকরামুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২৩০৫ ঘ.
bdnews24