২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে সিলিন্ডার গ্যাস ব্যবহারের সুপারিশ

আবাসিকে পাইপলাইনে গ্যাস সরবরাহ ধীরে ধীরে কমিয়ে আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘরে পাইপলাইনের পরিবর্তে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়ানোর সুপারিশ করেছে জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার সংসদীয় কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়া সাংবাদিকদের বলেন, “পাইপলাইনে আবাসিক গ্যাসের সংযোগ অনৈতিক।” ধীরে ধীরে আবাসিক সংযোগ কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। সরকারদলীয় সংসদ সদস্য সুবিদ আলী বলেন, “পাইপলাইনে আর কতকাল গ্যাস সংযোগ দেয়া হবে? মন্ত্রণালয়কে পাইপলাইনের পরিবর্তে সিলিন্ডারের গ্যাস ব্যবহার বাড়ানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।” পাইপলাইনে গ্যাসের সংযোগের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এত কম বিল হতে পারে না।” তবে বর্তমানে বাজারে গ্যাস সিলিন্ডারের দাম বেশি হওয়ায় পাইপলাইনে সরবরাহ করা গ্যাস এবং সিলিন্ডার গ্যাসের দামে সামঞ্জস্য আনার পরামর্শও দিয়েছে সংসদীয় কমিটি। সুবিদ আলী বলেন, “বাজারে সিলিন্ডারের দাম বেশি, আবার আবাসিক গ্যাস সংযোগের বিল অনেক কম। কমিটি এ দুটির মধ্যে সামঞ্জস্য আনার জন্য বলেছে।” সংসদীয় কমিটির তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরও কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সানোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সাবেক এ ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন করে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৪০ ঘ.