মিন্টু চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক
চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বেসরকারি অপারেটর নিয়োগে গৃহীত দরপত্র বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।
দ্বিতীয় দফা দরপত্রে বাছাই করা ঠিকাদারদের তালিকাও বাতিলের নির্দেশও দিয়েছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) গঠন করা রিভিউ প্যানেল-৩।
গত সোমবার রিভিউ প্যানেলের রায়ে এই আদেশ দেয়া হয় বলে নথিপত্রে দেখা গেছে, যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিটি টেন্ডার প্রকল্পের পরিচালক ক্যাপ্টেন নাজমুল আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েযন্টিফোর ডটকমকে বলেন, “রিভিউ প্যানেলের সিদ্ধান্ত এখনো হাতে পাইনি। হাতে পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”
নথিপত্র দেখে বুধবার বক্তব্য দেয়া হবে বলেও তিনি জানান।
রিভিউ প্যানেলের তিন সদস্য হলেন- চেয়ারপার্সন এম শামসুল হক এবং দুই সদস্য মীর মো. আওলাদ হোসেন ও আবু আলম চৌধুরী।
তাদের স্বাক্ষরিত এ আদেশের অনুলিপি নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর মঙ্গলবার পাঠানো হয়।
এই দরপত্রের বিরোধিতাকারী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে অন্যায়ভাবে এ কাজ করা হয়েছিল, তা রিভিউ প্যানেলের রায়ে প্রমাণিত হয়েছে।”
এই রায়কে অন্যায়ের বিরুদ্ধে বিজয় উল্লেখ করে তিনি জানান, বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শোকরানা মুনাজাত আদায় এবং মিষ্টি বিতরণ করা হবে।
রিভিউ প্যানেলের রায়ে প্রাকযোগ্যতা দলিল-২০০৮ এর অধীনে প্রাকযোগ্য চারটি প্রতিষ্ঠানকে বহাল রেখে পুনরায় দরপত্র প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া রিভিউ প্যানেলের আপিল দাখিলের সময়ে আবেদনকারী কর্তৃক সিপিটিইউতে জমা করা নিরাপত্তা জামানতের টাকা ফেরত দেয়ার নির্দেশও দেয়া হয়।
নিয়ম বহির্ভূতভাবে দরপত্র সংশোধনের অভিযোগ এনে দুটি আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর গত মাসে সিপিটিইউ এর কাছে অভিযোগ দাখিল করে।
গত ১৪ আগস্ট ফিলিপাইনের টার্মিনাল অপারেটর ‘ইন্টারন্যাশনাল কন্টেইনার টার্মিনাল সার্ভিসেস (আইসিটিএস)’ এবং গত ৩০ অগাস্ট যুক্তরাজ্যভিত্তিক ‘দ্য পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্ট স্টিম নেভিগেশন কোম্পানি (পিঅ্যান্ডও)’ এই অভিযোগ করে।
২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে এই টার্মিনালে অপারেটর নিয়োগে প্রথম দফায় চারটি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। এরপর ওই বছর জুলাই মাসে মূল দরপত্র বিতরণ করা হয়।
কিন্তু দেশীয় প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগের কথা জানিয়ে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এই দরপত্র প্রক্রিয়া স্থগিত করে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
দরপত্র প্রক্রিয়া স্থগিত করার পর পরামর্শক প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি-বেসরকারি অংশীদারি-পিপিপি এবং অর্থমন্ত্রীর মতামত উপেক্ষা করে কয়েক দফায় দরপত্রের শর্ত সংশোধন করা হয়।
নৌ-মন্ত্রণালয়ের নির্দেশনায় বন্দর কর্তৃপক্ষ এসব শর্ত সংশোধন ও বাতিল করে। এরপর দুটি প্রতিষ্ঠানকে দরপত্রে অংশ নেওয়ার জন্য বাছাই করা হয়।
দরপত্রে অংশ নেয়া দুটি প্রতিষ্ঠান ছাড়াও শর্ত পরিবর্তন করে সাইফ পাওয়ারটেক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে কাজ দেয়ার ‘চক্রান্তের’ অভিযোগ এনে গত মাসে আন্দোলন শুরু করেন সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী।
এনিয়ে স্থানীয় সরকারদলীয় সংসদ সদস্য এম এ লতিফ বন্দর ব্যবহারকারীদের একটি অংশকে সঙ্গে নিয়ে মহিউদ্দিনের আন্দোলনের বিরোধিতা শুরু করেন।
লতিফের পাশাপাশি বন্দরনগরীতে সরকারি দলের অধিকাংশ সংসদ সদস্য মহিউদ্দিনের আন্দোলনের বিরোধিতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২৩০০ ঘ.
bdnews24