২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১,৫০০ কলেজের উন্নয়নে ২,৪০০ কোটি টাকার প্রকল্প

দেশের বেসরকারি কলেজগুলোর উন্নয়নে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বেসরকারি কলেজগুলোর উন্নয়নে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। দুই হাজার ৪০০ কোটি টাকার এ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে দেড় হাজার বেসরকারি কলেজের ভৌত-অবকাঠামোগত উন্নয়ন করা হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই প্রকল্পটিসহ মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ভারপ্রাপ্ত পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি প্রকল্প- ১০৭ কোটি টাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সম্প্রসারণ ও আধুনিকীকরণ (সংশোধিত) প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। ‘তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষার গুনগতমান উন্নয়নে প্রকল্পটি গ্রহণ করা হয়। দেশের সব উপজেলা থেকে নির্বাচিত দেড় হাজার কলেজকে এ প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। এর আগে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এক হাজার ৩৪২টি বেসরকারি কলেজের ভৌত অবকাঠামোর উন্নয়নসহ শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরে শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি সরকারি-বেসরকারি খাতে শিক্ষার বিদ্যমান বৈষম্য দূর হবে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়। প্রকল্পটির আওতায় দেশের উপজেলা পর্যায়ে এক হাজার ৫০০ বেসরকারি কলেজের ভৌত-অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এসব কলেজে বহুতলবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ ও আইসিটি ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা হবে। ২০১৭ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। এছাড়া বৈঠকে বিত্তহীনদের আত্মকর্মস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে ৩৩১ কোটি টাকার ‘পল্লী জীবিকায়ন’ শীর্ষক অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। সফিকুল ইসলাম জানান, বৈঠকে মোট ৩ হাজার ১৭৭ কোটি টাকার ছয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প ব্যয়ের পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে মেটানো হবে। বৈঠকে অনুমোদিত অন্য তিন প্রকল্প হচ্ছে- ৬৮ কোটি টাকার ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প’, ১৬৫ কোটি টাকার ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প’ এবং ১১৮ কোটি টাকার ‘চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্প’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১৫৭ ঘ.