২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটিতে যাইনি, বললেন মসিউর

সরকারের বিভিন্ন সূত্র উপদেষ্টা মসিউর রহমানের ছুটিতে যাওয়ার খবর জানালেও তিনি নিজে তা অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফেরার পথ তৈরি করতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের ছুটিতে যাওয়ার খবর সরকারের বিভিন্ন সূত্র বললেও তিনি নিজে তা অস্বীকার করেছেন। পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজার মসিউর সোমবার রাত ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত আমি কোনো ছুটির আবেদন করিনি। আবেদন করার প্রয়োজনও হয়নি।” সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে মসিউরকে না দেখে তার ছুটিতে যাওয়ার গুঞ্জন শুরু হয়। এরপর সন্ধ্যায় সরকারের একাধিক সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ জন্য ক্ষমতাসীন দলের নেতাদের চাপের মুখে মসিউর রহমান ছুটিতে গেছেন। এই বিষয়ে মসিউর বলেছেন, “এই খবরটি সঠিক নয়। আমি ছুটিতে যাইনি।” ছুটিতে যাওয়ার খবর এবং পরে মসিউরের তা নাকচের বিষয়ে সরকারি সূত্র জানায়, ছুটিতে যেতে উপদেষ্টাকে চাপ দেয়া হলেও তিনি সে সিদ্ধান্ত মানতে রাজি হচ্ছেন না। এর ফলে সরকার এক বেদায়দায় পড়েছে। মসিউর ছুটিতে গেলে বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত বদলাবে- আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার একথা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনাকে বলেন। বিশ্ব ব্যাংক ঋণচুক্তি বাতিলের পর মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করলে মসিউরের পদত্যাগের দাবিও তোলে প্রধান বিরোধী দল বিএনপি। তবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা পদত্যাগের দাবি শুরু থেকে নাকচ করে আসছেন। মসিউর গত ১২ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, “পদত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি।” এর আগে গত ২৬ অগাস্ট তিনি বলেছিলেন, “যদি সরকার ও প্রধানমন্ত্রী মনে করেন- বিশ্বস্ততার সঙ্গে কাজ করছি না, তাহলে পদত্যাগ করব। “আমি পদত্যাগ করলে যদি ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের ঋণের সুরাহা হয় তাহলে আমি একবার কেন, ১০ বার পদত্যাগ করব। তবে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোর সাক্ষ্য প্রমাণ দিতে হবে এবং আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।” তিন মাস আগে বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে অর্থায়ন বাতিলের পর তাদের ফেরাতে কয়েকটি পদক্ষেপ নেয়া হয়। তবে মসিউর ছুটিতে গেলে বিশ্ব ব্যাংক এই প্রকল্প নিয়ে আগের সিদ্ধান্ত বদলাবে বলে সংস্থার একটি সূত্র জানিয়েছে। বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করলেও সংস্থাটিকে ফেরাতে তৎপরতা চালিয়ে যাচ্ছিল সরকার। রোববার রাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ওয়াশিংটন রওনা হন। বিশ্ব ব্যাংক সদর দপ্তরে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। গওহর রিজভীর ওয়াশিংটন রওনা হওয়ার পরদিন সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত ছিলেন, যে বৈঠকে সব সময় সময়ের আগেই উপস্থিত হতে দেখা যেত তাকে। মন্ত্রিসভার বৈঠকে ছবি তুলেছেন এমন একজন আলোকচিত্র সাংবাদিক এবং মন্ত্রিসভার বৈঠকের নিরাপত্তায় নিয়োজিত একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর বৈঠকে ছিলেন না। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার এই ছুটিতে যাওয়ার বিষয়ে সরকারের কোনো কর্মকর্তাই অবশ্য মুখ খুলতে চাননি। মসিউরের অনুপস্থিতির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞার কাছে জানতে চাইলে তিনি বলেন, “বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো এবং পরে বৈঠকের এজেন্ডা নিয়ে ব্যস্ত ছিলাম। তাই তিনি এসেছেন কি না, ঠিক বলতে পারব না।” উপদেষ্টা মশিউর পদত্যাগ করেছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়েও তিনি কিছু জানেন না। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক উত্থাপিত দুর্নীতি অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ ছাড়াও বিশ্ব ব্যাংকের শর্ত মেনে সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইন ভূঞাই ছুটিতে গেছেন। আবুল হোসেনের পদত্যাগের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, বিশ্ব ব্যাংকের ফেরার ক্ষেত্রে বাকি বাধাও কেটে যাচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। এর মধ্যে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ছুটিতে পাঠানোর কথাও ছিল। শর্তগুলো পালন হয়নি- এমন অভিযোগে গত জুনে অর্থায়ন বাতিল করে বিশ্ব ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/০০২৩ ঘ.