২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান অথর্ব প্রতিষ্ঠান, মন্তব্য সংসদে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দাবি করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন দুই সংসদ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দাবি করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন দুই সংসদ সদস্য। সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির মজিবুল হক চুন্নু ও স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম এই দাবি তোলেন। জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠানের বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। ভাড়ায় আনা একটি উড়োজাহাজ হঠাৎ চলে যাওয়ায় ফ্লাইটসূচি ঠিক রাখতে হিমসিম খাচ্ছে বিমান। গত দুই দিনে বাতিল হয়েছে সাতটি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বিমানের শিডিউল বিপর্যয়ের চিত্র তুলে ধরে মজিবুল হক চুন্নু বলেন, “সামগ্রিকভাবে বিমান এখন বিপর্যস্ত, অথর্ব ও অকর্মণ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিমান কর্পোরেশনের চেয়ারম্যানের কারণে তা হয়েছে। এই এক ব্যক্তির কারণে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন?” বিমানের সার্বিক বিষয়ে মন্ত্রীর কাছে বিবৃতি দাবি করেন তিনি। তবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান তখন সংসদে ছিলেন না। ফজলুল আজিম বলেন, “বিমান বিপর্যস্ত অবস্থায় পৌঁছেছে। আড়াইশ জন যাত্রী নিতে গিয়ে পাখা ভেঙে গেছে। ক্রিকেট সদস্যদের কাঠমান্ডুতে নিতে ব্যর্থ হয়েছে।” হজযাত্রী পরিবহনেও বিমান সফল হবে না বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। হজযাত্রী পরিবহনে বিমান তার নিয়মিত কয়েকটি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের বিষয়ে আজিম বলেন, “চেয়ারম্যান একজন মাইটি ম্যান, সুপার মাইটি ম্যান। মন্ত্রী আসে মন্ত্রী যায়, উনার কিছু করতে পারে না। তিরি কারো কাছে জবাবদিহি করেন না। একটি ব্যক্তির কারণে বিমান আজ ডুবতে বসেছে। “বিদেশি এয়ারলাইন্সগুলো যেখানে হাজার হাজার কোটি টাকা আয় করছে, সেখানে বিমান লোকসানে।” ফজলুল আজিম পদ্মা সেতু, পুঁজিবাজার ও হলমার্ক প্রসঙ্গ তুলে ‘গুটিকয়েক’ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। “হু আর দ্য পিপল। মহাজোট সরকার এসব ব্যক্তিকে কেন আস্কারা দিচ্ছে। অবিলম্বে এদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/২০৫২ ঘ.