ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ জন্য ক্ষমতাসীন দলের নেতাদের চাপের মুখে ছুটিতে গেছেন সমালোচনার মুখে থাকা মসিউর রহমান। তার এই ছুটিতে যাওয়া পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফিরে আসার পথ খুলে দেবে বলে মনে করা হচ্ছে।
মসিউর ছুটিতে গেলে বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত বদলাবে- আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলামের এই কথা জানানোর দুদিন পর সোমবারই মসিউরের ছুটিতে যাওয়ার খবর এল।
এদিকে রোববার রাতেই ওয়াশিংটন রওনা হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, তিনি দেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে সংস্থার সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। ঢাকায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইনও এখন ওয়াশিংটনে।
তিন মাস আগে বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে অর্থায়ন বাতিলের পর তাদের ফেরাতে যে পদক্ষেপগুলো নেয়া হয়, তার মধ্যে মসিউরের ছুটিতে যাওয়া সর্বশেষ। তিনি ছুটিতে গেলে বিশ্ব ব্যাংক এই প্রকল্প নিয়ে সিদ্ধান্ত বদলাবে বলে সংস্থার একটি সূত্র জানিয়েছে।
মন্ত্রিসভার সোমবারের বৈঠকে মসিউরের অনুপস্থিতি তার ছুটিতে যাওয়ার গুঞ্জনের জন্ম দেয়, যে বৈঠকে সব সময় সময়ের আগেই উপস্থিত হতে দেখা যেত তাকে।
এরপর সরকারের একাধিক সূত্র নিশ্চিত করে, প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা ছুটিতে গেছেন।
তবে মসিউর কত দিনের ছুটিতে গেছেন, তা জানা যায়নি।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার এই ছুটিতে যাওয়ার বিষয়ে সরকারের কোনো কর্মকর্তাই অবশ্য মুখ খুলতে চাননি।
মন্ত্রিসভার বৈঠকে ছবি তুলেছেন এমন একজন আলোকচিত্র সাংবাদিক এবং মন্ত্রিসভার বৈঠকের নিরাপত্তায় নিয়োজিত একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর বৈঠকে ছিলেন না।
মসিউরের অনুপস্থিতির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞার কাছে জানতে চাইলে তিনি বলেন, “বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো এবং পরে বৈঠকের এজেন্ডা নিয়ে ব্যস্ত ছিলাম। তাই তিনি এসেছেন কি না, ঠিক বলতে পারব না।”
উপদেষ্টা মশিউর পদত্যাগ করেছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়েও তিনি কিছু জানেন না।
পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক উত্থাপিত দুর্নীতি অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ, সেতু বিভাগের সচিব মোশাররফ হোসাইন ভূঞার ছুটিতে যাওয়ার পর ছুটিতে গেলেন মসিউর, যিনি পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজারের দায়িত্বে রয়েছেন।
আবুল হোসেনের পদত্যাগের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, বিশ্ব ব্যাংকের ফেরার ক্ষেত্রে বাকি বাধাও কেটে যাচ্ছে।
এরপর বিএনপি থেকেও মসিউর রহমানের পদত্যাগের দাবি উঠে। তবে তিনি পদত্যাগ বা ছুটিতে না যাওয়ায় বিশ্ব ব্যাংকের ফেরা ঝুলে যায় বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।
মসিউর গত ১২ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, “পদত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি।”
এর আগে গত ২৬ অগাস্ট তিনি বলেছিলেন, “যদি সরকার ও প্রধানমন্ত্রী মনে করেন- বিশ্বস্ততার সঙ্গে কাজ করছি না, তাহলে পদত্যাগ করব।”
“আমি পদত্যাগ করলে যদি ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের ঋণের সুরাহা হয় তাহলে আমি একবার কেন, ১০ বার পদত্যাগ করব। তবে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোর সাক্ষ্য প্রমাণ দিতে হবে এবং আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।”
এরপর গত শনিবার (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, মসিউর রহমান ছুটিতে গেলে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নের পথ সুগম হবে।
গত বছরের সেপ্টেম্বরে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। এর মধ্যে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ছুটিতে পাঠানোর কথাও ছিল। শর্তগুলো পালন হয়নি- এমন অভিযোগে গত জুনে অর্থায়ন বাতিল করে বিশ্ব ব্যাংক।
তবে অর্থায়ন বাতিলের পর মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইন ছুটিতে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআরএইচ/এসইউএম/এমআই/২০১৪ ঘ.
bdnews24