২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংকের অর্থ আত্মসাত মামলা আদালতে

রূপালী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির তিন কর্মকর্তাসহ এভারেস্ট হোল্ডিংসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে করা মামলাটি আদালতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপালী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির তিন কর্মকর্তাসহ এভারেস্ট হোল্ডিংসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে করা মামলাটি আদালতে পাঠানো হয়েছে। সোমবার ঢাকা মহানগর হাকিম হারুন-অর-রশীদ মামলা গ্রহণ করে আগামী ১২ নভেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম মিথ্যা তথ্য ও ভুয়া কাগজপত্র দেখিয়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মুদ্রা পাচার আইনে এ মামলা করেন। মামলার আসামিরা হলেন- রূপালী ব্যাংকের দিলকুশা শাখার মহা ব্যবস্থাপক আতিকুর রহমান, একই শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবদুস সামাদ সরকার, ব্যাংকের গুলশান শাখার উপ মহাব্যবস্থাপক (দিলকুশার সাবেক সহকারী মহা ব্যবস্থাপক) মোহাম্মদ আলী এবং এভারেস্ট হোল্ডিংস অ্যান্ড টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান আবু বোরহান সিদ্দিক চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম বাহাউদ্দিন। মামলার অভিযোগে বলা হয়, ২০১০ সালের ১৬ অগাস্ট থেকে গত বছরের ৩০ জানুয়ারি সময়ের মধ্যে এভারেস্ট হোল্ডিংস অ্যান্ড টেকনোলজি লিমিটেড রূপালী ব্যাংকের দিলকুশা শাখায় ২৫ কোটি টাকা ঋণ চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো পরিদর্শন ছাড়াই মিথ্যা তথ্যের ভিত্তিতে ১৫ কোটি টাকা ঋণ দেন। এতে বলা হয়, ঋণের আবেদনপত্রের সঙ্গে দাখিল করা সনদে রাজধানীর সিদ্ধেশ্বরী মৌজার ইতিমধ্যেই বিক্রি হওয়া একখ- জমি ‘বিক্রি হয়নি’ মর্মে মিথ্যা ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ব্যাংকটির কর্মকর্তারা স্থানীয় সাব রেজিস্ট্রারের অফিসে তল্লাশি না করে এবং গ্রাহকের দেয়া মিথ্যা তথ্য ও দায়মুক্তি সনদ যাচাই না করে পরস্পরের যোগসাজশে বিক্রি হওয়া জমি ও ফ্ল্যাট অবিক্রিত দেখিয়ে ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাত করেন। সম্প্রতি অনিয়ম করে সোনালী ব্যাংকের একটি শাখা থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই নিয়েছে আড়াই হাজার কোটি টাকার বেশি। দুদক কর্মকর্তারা ওই ঘটনাও তদন্ত করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এইচএ/১৯২২ ঘ.