২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএমইএ নির্বাচনে সেলিমের প্যানেল জয়ী

বিকেএমইএ’র নেতৃত্ব নির্বাচনে সংগঠনের বর্তমান সভাপতি সেলিম ওসমানসহ তার প্যানেল জয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রপ্তানি আয়ের প্রধান খাত নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে বর্তমান সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। পরিচালনা পর্ষদের মোট ২৭ সদস্যের মধ্যে সেলিম ওসমানের সম্মিলিত নিট পরিষদ ২২টিতে জয়ী হয়েছে। সাবেক সভাপতি ফজলুল হক নেতৃত্বাধীন প্যানেল প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স পেয়েছে ৫টি। শনিবার রাত ৯টায় নারায়ণগঞ্জ ক্লাবে নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য প্রবীর কুমার সাহা ফলাফল ঘোষণা করেন। দুই প্যানেলের প্রধান সেলিম ওসমান ও ফজলুল হক নির্বাচিত হয়েছেন। সম্মিলিত নিট পরিষদের প্যানেল থেকে জয়ী হয়েছেন মো. হাতেম (৭০৪), হাবিবুর রহমান (৩৮৪), মঞ্জুরুল হক (৩৭৬), শাহজাহান আলম (৩৬৫), গোলাম জাকারিয়া ভুইয়া মঞ্জু (৩৫১), আবু আহমেদ সিদ্দিক (৩৪৯), মনসুর আহমেদ (৩৪৯), জিএম ফারুক (৩৪৮), এ এইচ আলমাস সানী (৩৪৬), শামীম আহমেদ (৩৪৬), শ্যামল কুমার সাহা (৩৪২), এ কে এম সেলিম ওসমান (৩৪১), এমরান হোসেন মিঠু (৩৩৪), শফিকুজ্জামান (৩২৭), হুমায়ুন কবির খান শিল্পী (৩২২), আসাদুল ইসলাম (৩১৭), শামসুজ্জামান (৩১৩), মোস্তফা জামাল পাশা (৩১১), জামাল উদ্দিন (৩০৮), মহিউদ্দিন ফারুকী (৩০৬), মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী (৩০৩) ও মজিবুর রহমান (২৯৯)। এ ছাড়া প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের প্যানেল থেকে জয়ীরা হলেন- বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক (৩৩৭), ফজলে শামীম এহসান (৩৩২), কাসেম জামাল (৩২৬), একেএম জাহিদুল হক দীপু (৩১০) ও মাসুদুজ্জামান (২৯৫)। এর আগে সকাল ৯টা থেকে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টার এবং ঢাকায় বাংলা মোটরে প্লানার্স টাওয়ারে বিকেএমইএ কার্যালয়ে এক যোগে ভোটগ্রহণ করা হয়, যা বিকাল ৪টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৬৫২। এর মধ্যে ঢাকার ২০৩ জন, নারায়ণগঞ্জের ৪১৫ জন এবং চট্টগ্রামের ৩৪ জন। ভোট দিয়েছেন ৫৯৭ জন। এর মধ্যে নারায়ণগঞ্জ কেন্দ্রে ৩৮১ জন ও ঢাকায় ২১৬ জন ভোট দিয়েছেন। ভোট দেয়ার হার ৯১ দশমিক ৫ শতাংশ। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ নির্বাচন শেষ হয়েছে বলে উভয় প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে। ভোট শেষে বর্তমান সভাপতি সেলিম ওসমান বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা শেষে ফলাফল যাই হোক না কেন তা মেনে নিয়ে বিকেএমইএ’র উন্নয়নে এক সঙ্গে কাজ করবো।” অন্যদিকে সাবেক সভাপতি ফজলুল হক বলেন, “নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।” গত অর্থবছরে বাংলাদেশ নিট পোশাক রপ্তানি থেকে আয় করেছে ১০ হাজার কোটি ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের ৪০ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২২০১ ঘ.