ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার বাজার স্থিতিশীল রাখতে কাঁচা মরিচ, পিঁয়াজ, রসুন ও বেগুন রপ্তানি দুই মাস বন্ধ রাখার পর ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “এখন আর কাঁচামরিচ, বেগুন, রসুন ও পিঁয়াজ রপ্তানি করতে কোনো বাধা নেই।”
রমজান মাসের বাড়তি চাহিদার সাথে সঙ্গতি রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ ঠিক রাখতে সরকার গত ৯ জুলাই কাঁচামরিচ, বেগুন, পিঁয়াজ ও রসুন রপ্তানি বন্ধ রাখার কথা জানায়।
সে সময় বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই চারটি খাদ্যপণ্য রপ্তানি ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১১৪১ ঘ.
bdnews24