২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছয় মাসের জন্য সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন মিলেছে’

খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ব্যাপক ভিত্তিতে চাল রপ্তানির পরিকল্পনা না থাকলেও আগামী বছর ছয় মাসের জন্য সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ব্যাপক ভিত্তিতে চাল রপ্তানির পরিকল্পনা না থাকলেও আগামী বছর ছয় মাসের জন্য সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তবে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় উদ্বৃত্ত সম্পর্কে নিশ্চিত না হয়ে ব্যাপক ভিত্তিতে চাল রপ্তানির পরিকল্পনা আপাতত সরকারের নেই বলেও জানান মন্ত্রী। আব্দুর রাজ্জাক দাবি করেন, ‘কৃষি বান্ধব’ বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে কৃষি উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। কৃষি উৎপাদন বাড়ানো তথা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরে খাদ্য মন্ত্রী জানান, ২০০৭-০৮ সালে কৃষিতে জিডিপি ছিল ৩, ২০০৮-০৯ সালে ৩ দশমিক ৯৭। বর্তমান সরকারের ব্যাপক কর্মসূচির ফলে ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরে তা ৫ দশমিক ২৪-এ উন্নীত হয়েছে। খাদ্যশস্য বিশেষ করে চাল উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে দাবি করে আব্দুর রাজ্জাক বলেন, উৎপাদনের এ সাফল্য ধরে রাখাসহ আরো বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে সরকার আন্তর্জাতিক বাজারে চাল রপ্তানির প্রত্যাশা লালন করে। “এর অংশ হিসেবে ইতোমধ্যে ২০১৩ সালের জুন মাস থেকে ছয় মাসের জন্য সরকার সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন দিয়েছে এবং রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।” এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। ২০১০-১১ সালে ও ২০১১-১২ অর্থবছরে ৪ দশমিক ৬৫ লাখ মেট্রিক টন চাল এবং ৫ দশমিক ৮৬ লাখ মেট্রিক টন গম অর্থাৎ ১০ দশমিক ৫১ লাখ টন খাদ্যশস্য আমদানি হয়। ২০১২-১৩ অর্থবছরে বিদেশ থেকে কোনো চাল আমদানির প্রয়োজন হবে না। তবে চাহিদার তুলনায় গমের উৎপাদন কম হওয়ায় সরকারি ও বেসরকারিভাবে প্রতিবছর প্রায় ২৫ থেকে ৩০ লাখ মেট্রিক টন গম আমদানি করতে হয়। বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০৫৬ ঘ.