ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ৩ দশমিক ৬৩ শতাংশ।
তবে গত অর্থ বছরে একই সময়ে প্রবৃদ্ধি ছিল প্রায় ২০ শতাংশ। এবার আয় লক্ষ্যমাত্রার চেয়ে বেড়েছে ২ দশমিক ৬৮ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বুধবার এ তথ্য প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরের জুলাই-অগাস্ট বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি থেকে মোট ৪৮৮ কোটি ৭৫ লাখ ডলার আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ৪৭১ কোটি ৬৩ লাখ ডলার। এ হিসাবে এই দুই মাসে প্রবৃদ্ধি ৩ দশমিক ৬৩ শতাংশ।
২০১২-১৩ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় দুই হাজার ৮০০ কোটি ডলার। দুই মাসের লক্ষ্যমাত্রা ছিল ৪৭৬ কোটি ডলার।
এ হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ২ দশমিক ৬৮ শতাংশ।
অগাস্ট মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ২৪৪ কোটি ৮৪ লাখ ডলার। গত বছরের অগাস্ট মাসে আয় ছিল ২৩৭ কোটি ৬৭ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ০২ শতাংশ।
ইপিবি’র তথ্য পর্যালোচনায় দেখা যায়, দুই মাসে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের মধ্যে নিট পোশাক রপ্তানি ২ দশমিক ৬৭ শতাংশ কমলেও উভেন পোশাক রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ২৪ শতাংশ।
হিমায়িত মাছ রপ্তানি কমেছে ২০ শতাংশ। পাট ও পাটজাত পণ্য রপ্তানি কমেছে ৩ দশমিক ৯ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২০১৯ ঘ.
bdnews24