চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিভাগের ৬৫ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তিন পার্বত্য জেলাসহ কক্সবাজার থেকে লক্ষ্মীপুর পর্যন্ত ১১ জেলা এবং চট্টগ্রাম ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের এই সম্মাননা দেয়া হচ্ছে।
আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিক সম্মাননা দেয়া হবে।
চট্টগ্রাম মহানগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে এ অনুষ্ঠান হবে। একই স্থানে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হবে আয়কর মেলা।
বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের কর কমিশনার ও আয়কর দিবস উদযাপন কমিটির সভাপতি মো. দবির উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারা বকেয়া ছাড়া নিয়মিত কর দিয়ে আসছেন তারা একইভাবে দীর্ঘমেয়াদে করদাতার তালিকায় অন্তর্ভুক্ত হন।
জেলা ও সিটি করপোরেশনের প্রতিটিতে সর্বোচ্চ তিনজন এবং দীর্ঘমেয়াদে দু’জন করদাতা এই সম্মাননা পাচ্ছেন বলে জানানো হয়।
বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম/ইউএস/এমসি/এএল/২০১৫ ঘ.
bdnews24