ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগ এবং এদেশকে উৎস দেশ (সোর্স কান্ট্রি) ঘোষণা করতে সম্মত হয়েছে মালয়শিয়া।
বাংলাদেশ ও মালয়শিয়ার প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে একথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার বিকেলে ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বর্তমানে ১৩টি উৎস দেশ থেকে কর্মী নেয় মালয়শিয়া। বাংলাদেশও সেখানে উৎস দেশ হতে চায়।
বৈঠক শেষে মালয়শিয়ার মানবসম্পদমন্ত্রী এস সুব্রামানিয়াম বলেন, বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। এটি শুরু হলেই বাংলাদেশকেও উৎস্য দেশ (সোর্স কান্ট্রি) ঘোষণা করা হবে। এ ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবে সম্মতি দিয়েছে মালয়শিয়া।
তিনি বলেন, তবে অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং দালাল বা মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম নিয়ন্ত্রণে উভয় দেশের সরকারি পর্যায়েই লোক নেওয়া হবে।
প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, তাদের চাহিদা কত, কর্মী বাছাই ও নিয়োগের পদ্ধতি এবং জনশক্তি পাঠানোর কার্যক্রম তদারকি করতে উভয় দেশের যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে একটি যৌথ-কমিটি গঠন করা হয়েছে। কমিটি কালই (বৃহস্পতিবার) প্রথম বৈঠকে বসবে।
এরপর উভয় দেশের প্রতিনিধি দল জনশক্তি রপ্তানির ব্যাপারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করতে বৈঠকে বসবে। ওইদিন বিকেল নাগাদ এমওইউ চূড়ান্ত হবে। এরপর মালয়শীয় প্রতিনিধি দলের প্রধান মন্ত্রী এস সুব্রামানিয়াম সংবাদ সম্মেলন করবেন। রাতেই তারা দেশে ফিরে যাবেন।
খন্দকার মোশাররফ জানান, প্রতিনিধি দলের সফরের ফলাফল এবং এমওইউ নিয়ে তাদের দেশে মন্ত্রিসভায় আলোচনা হবে। মন্ত্রিসভা অনুমোদন করলে এ মাসের মধ্যেই মালয়শিয়ায় ফিরতি বৈঠকে এমওইউ স্বাক্ষর করা হবে।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, গত তিন বছর ধরে মালয়শিয়ায় বাংলাদেশের কর্মী নেওয়া বন্ধ রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী চাহিদার তুলনায় বেশি লোক পাঠানোয় এবং আমাদের ব্যবস্থাপনায় দূর্বলতার কারণে এ বাজার বন্ধ ছিল। এ বৈঠকে তারা মালয়শিয়ার শ্রমবাজার খোলার ব্যাপারে সম্মতি জানিয়েছে।
“বেশি অভিবাসন ব্যয়ের কারণে দেশটিতে গিয়ে কর্মীরা অবৈধ হয়ে পড়ে। এজন্য তারা অভিবাসন ব্যয়ও নিয়ন্ত্রণ করতে চায়, যেন কর্মীরা মাত্র তিনমাসেই তাদের ব্যয় তুলতে পারে।
“এজন্য তারা কোনো দালাল বা মধ্যস্বত্ত্বভোগীকে এ কাজে সম্পৃক্ত করতে চায়না। তাদের অতীত অভিজ্ঞতার কারণে তারা এবার সরকারি পর্যায়ে কর্মী নিতে চায়।”
সরকারের প্রস্তুতি সম্পর্কে বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন জেলায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ৪২টি কার্যালয় রয়েছে। এছাড়া প্রত্যেক জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি করে প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে। এসব কার্যালয় ও ডেস্কে প্রতিদিনই বিদেশ যেতে আগ্রহীদের নিবন্ধণ হচ্ছে।
কোনো বেসরকারি এজেন্সির দেশে এত অফিস নেই। তারা ঢাকা অথবা চট্টগ্রাম কেন্দ্রিক ব্যবসা করে। তাই তাদের চেয়ে সরকারি পর্যায়ে শক্তি ও প্রস্তুতি অনেক ভালো। তাদের চেয়ে সরকার অনেক ভালভাবে লোক পাঠাতে পারবে।
“তারপরও সরকার ব্যবসা করতে চায়না। একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করে পর্যায়ক্রমে জনশক্তি পাঠানোর কাজ বেসরকারি খাতে দেওয়া হবে,” বলেন মন্ত্রী।
মালয়শিয়ার মন্ত্রী সুব্রামানিয়াম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সরকারের অন্যদের সর্বাত্মক প্রচেষ্টায় মালয়শিয়া সরকার তিন বছর পর আবারো এদেশ থেকে লোক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
“আমরা শীঘ্রই এ কাজটি শুরু করতে চাই। তবে মধ্যস্বত্বভোগী বা দালালদের তৎপরতা ঠেকাতে সরকারি পর্যায়েই এসব কর্মী নেওয়ার সম্ভাবনা রয়েছে।”
দ্বিপাক্ষিক এ বৈঠকে উভয় দেশেরই ১০ সদস্যের একটি করে প্রতিনিধি দল যোগ দেন। এতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহারও অংশ নেন।
প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান বলেছেন, উৎস দেশ ঘোষণা করা হলে বাংলাদেশ থেকে মালয়শিয়ায় কর্মী পাঠানো সহজ হবে এবং খরচও কমে যাবে। এটি জনশক্তি নেওয়ার স্থায়ী ব্যবস্থা। এতে আর কলিং ভিসার (আহুত ভিসা) মতো নির্দিষ্ট সংখ্যক জনশক্তি নেওয়ার পর লোক নেওয়া বন্ধের সুযোগ থাকবে না।
মালয়শিয়ায় ‘উৎস দেশ’ হিসাবে তালিকাভুক্ত হলে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে ১ হাজার ২০০ থেকে ২ হাজার মালয়শীয় রিঙ্গিত পর্যন্ত ফি দিতে হবে না। ফলে অভিবাসন ব্যয়ও কমে যাবে।
ব্যয় কমিয়ে এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করে জনশক্তি রপ্তানি শুরু করা সম্ভব হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি কর্মী পাঠানো সম্ভব হবে বলে মনে করেন কর্মকর্তারা।
মালয়শীয় প্রতিনিধি দলে রয়েছেন- সেদেশের বহির্গমন বিভাগের মহাপরিচালক আলিয়াস বিন হাজী আহমাদ, ডেপুটি সেক্রেটারি জেনারেল অব হিউম্যান রিসোর্সেস মো. সাহার দারুসমান, ডেপুটি ডাইরেক্টর অব জেনারেল অব লেবার আসর বিন আবদুর রহমান, লিগ্যাল এডভাইজার নোরাজমি বিন মোহা. নারাওয়ী, প্রিন্সিপাল অ্যাসিস্টেন্ট সেক্রেটারি উমর জাই কুমার বিন আবদুল্লাহ, ডেপুটি সেক্রেটারি জেনারেল অব হোম অ্যাফেয়ার্স হাজী ওয়ান আলী বিন বেসার, প্রিন্সিপাল এসিস্টেন্ট সেক্রেটারি আতিয়া আজারিনা বিনতি আমিরলুদিন এবং বাংলাদেশে নিযুক্ত মালয়শীয় হাইকমিশনার নরলিন বিনতি ওথমান।
বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন- প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান, মালয়শিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার একে এম আতিকুর রহমান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামছুন নাহার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নুরুল ইসলাম ও আবু হেনা মোস্তফা কামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এইচএ/১৯৫৭ ঘ.
bdnews24