ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একশ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় করার আগে পরিস্থিতি পর্যালোচনা করতে বাংলাদেশ সফর করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল।
সংস্থার এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের পরামর্শক ডেভিড কোয়েনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলটি মঙ্গলবার ঢাকা পৌঁছান। বুধবার সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করেন তারা।
বৈঠক শেষে গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। তারা আরো অনেকের সঙ্গে বসবেন। আপাতত এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।”
আইএমএফের দেয়া ৯৮ কোটি ৭০ লাখ ডলার সুদবিহীন ঋণের প্রথম কিস্তি গত ২৫ এপ্রিল সরকারের কোষাগারে জমা হয়। প্রথম কিস্তিতে বাংলদেশ পায় ১৪ কোটি ১০ লাখ ডলার।
ওই অর্থ কোথায় কীভাবে ব্যয় হয়েছে তা জানতে এবং দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা করতেই ঢাকায় এসেছেন আইএমএফ প্রতিনিধিরা।
এই সফরে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে আইএমএফ প্রতিনিধিদের। দুই সপ্তাহের সফর শেষে আগামী ২৭ সেপ্টেম্বর তাদের ঢাকা ত্যাগের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৩৫০ ঘ.
bdnews24