ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবারো চিনি রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের চিনি রপ্তানিতে আর কোনো বাধা থাকল না।
কমিটির সভাপতি অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে এ সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
সভায় আমদানি নীতি আদেশ ২০১২-১৫ এবং সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ ‘অফশোর বিডিং রাউন্ড ২০১২’-এর জন্য তৈরি করা ‘মডেল পিএসসি, ২০১২ (উৎপাদন-বণ্টন চুক্তি)’সহ পাঁচটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান।
চিনি রপ্তানির অনুমতি প্রসঙ্গে নূরুল করিম বলেন, “চিনি রপ্তানির ওপর সরকারের নিষেধাজ্ঞা ছিল সাময়িক। এখন তা উঠিয়ে দেওয়া হল। তবে সরকার যখন প্রয়োজন, আবার চিনি রপ্তানি বন্ধ করে দিতে পারবে।”
দেশের চিনি উৎপাদনকারী কারখানার মালিকরা দীর্ঘদিন ধরে চিনি রপ্তানির দাবি জানিয়ে আসছিল।
অফশোর বিডিং রাউন্ড-এর জন্য তৈরি মডেল পিএসসি অনুমোদনের বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদসচিব মো. মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, নতুন নীতিমালায় গ্যাস রপ্তানির বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এতে উত্তোলনকারী প্রতিষ্ঠানের অংশের প্রতি ইউনিট গ্যাসের মূল্য ধরা হয়েছে করসহ ৫ ডলার।
এছাড়া উত্তোলনের সময় ক্ষতির সম্মুখীন হলে তার জন্য ক্ষতিপূরণের শর্ত যোগ করা হয়েছে নতুন নীতিমালায়। এতে খননের সময় পরিবেশ সংরক্ষণের বিষয়টি রয়েছে বলেও জানান জ্বালানি সচিব।
নূরুল করিম বলেন, সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপন’ প্রকল্পটি সরকারি পর্যায়ে (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।
একইসঙ্গে ‘জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) চার লেনে উন্নীতকরণ’ প্রকল্প পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) কর্মসূচির আওতায় বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মাগুরা টেক্সটাইল মিলস দরপত্রে পাওয়া ৩১ কোটি টাকায় এবং রাঙামাটি টেক্সটাইল মিলস দরপত্রে পাওয়া ২৯ কোটি ১০ লাখ টাকায় বিক্রির প্রস্তাব প্রাইভেটাইজেশন কমিশনের কাছে ফেরৎ পাঠানো হয়েছে।
প্রস্তাব দুটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮৫০ ঘ.
bdnews24