এবার ঋণ যত, শোধ তার চেয়ে বেশি
গত বছর সরকারের ব্যাংক ঋণ বেশি হওয়ায় ব্যাপক সমালোচনা হলেও এই অর্থবছরের শুরুতে বিপরীত চিত্র ইতিবাচক মনে করছেন বিশ্লেষকরা। আবদুর রহিম হারমাছির প্রতিবেদন।
২০১২-১৩ অর্থবছরে এখন পর্যন্ত সরকার ব্যাংক ব্যবস্থা থেকে যে পরিমাণ ঋণ নিয়েছে, তার চেয়ে বেশি শোধ করেছে। আর এই ধরনের ঘটনা এর আগে খুব কমই ঘটেছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন।
গত বছরের সমালোচনার কথা স্মরণ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আক্ষেপ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতবার ব্যাংক ঋণ নিয়ে মিডিয়ায় অনেক হৈ চৈ হয়েছে। এবার আমরা (সরকার) কম ঋণ নিচ্ছি, কিন্তু কোনো খবর নেই।”
অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় এবার এ খাতে সরকারের অর্থ খরচ কম হচ্ছে। তাছাড়া শুরুতে সরকারের উন্নয়ন কার্যক্রম কম হওয়াও এতে ভূমিকা রেখেছে।
সরকারের ঋণ নেওয়ার পরিমাণ কম হওয়ায় শিল্প খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত।
বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের অর্থ ও ব্যাংকিং উপ-বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০১২-১৩ অর্থবছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯১ হাজার ৮৪০ কোটি ৫১ লাখ টাকা।
গত অর্থবছরের শেষ দিন অর্থাৎ ৩০ জুন পর্যন্ত এই ঋণের পরিমাণ ছিল ৯২ হাজার ৩১৫ কোটি ৯৬ লাখ টাকা।
এই হিসাবে চলতি অর্থবছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক থেকে নেওয়া সরকারের নিট ঋণের পরিমাণ ৪৭৫ কোটি ৪৫ লাখ টাকা ঋণাত্মক। অর্থাৎ এই দুই মাস দুই দিনে সরকার ব্যাংক থেকে যে পরিমাণ ঋণ নিয়েছে, তার থেকে ৪৭৫ কোটি ৪৫ লাখ টাকা বেশি পরিশোধ করেছে।
অথচ গত অর্থবছরের এই সময়ে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ৫ হাজার ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ঋণ নিয়েছিল।
এই বিষয়ে চীন সফরে যাওয়ার আগে শনিবার অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজস্ব আদায় পরিস্থিতি বেশ ভালো। সে কারণেই সরকারের খরচ মেটাতে ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে না।”
বাজেটে ব্যাংক ঋণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এই বছর তা অতিক্রম করবে না বলেও আশা করছেন মুহিত।
২০১১-১২ অর্থবছরের মূল বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা ধরা হলেও পরে তা ২৯ হাজার ১১৫ কোটি টাকায় গিয়ে ঠেকে।
চলতি অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ২৩ হাজার কোটি টাকা ঋণ নেবে বলে লক্ষ্য ঠিক করেছে।
সরকারের ব্যাংক ঋণের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরে ২৯ অগাস্ট পর্যন্ত সরকার ব্যাংক থেকে ৩ হাজার ৩৮ কোটি ৪৫ লাখ টাকা ঋণ নিয়েছিল।
কিন্তু ৪ জুলাই থেকে ২৯ অগাস্ট পর্যন্ত ইস্যু করা ৫, ১০, ১৫ এবং ২০ বছর মেয়াদি বিজিটি বন্ডের ১ হাজার ৯২২ কোটি ১৭ লাখ টাকা, ১৮ জুলাই থেকে ২২ অগাস্ট পর্যন্ত ৫ বছর মেয়াদি বিজিটি বন্ডের ৬১৪ কোটি ৬৮ লাখ টাকা এবং ২২ অগাস্ট ২৫ বছর মেয়াদি ২ কোটি ৭৪ লাখ টাকার টেজারি বন্ড পরিশোধ করার কারণে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ ঋণাত্বক হয়েছে।
সরকারের ব্যাংক ঋণের চিত্র বিশ্লেষণে বিআইডিএস’র গবেষণা পরিচালক জায়েদ বখত সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংক থেকে সরকার ঋণ না নেওয়ার বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে, যার ইতিবাচক প্রভাব পড়বে শিল্প খাতে, জিডিপিতে।”
সরকারের ঋণ কমলে মূল্যস্ফীতি কমাসহ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন তিনি।
ঋণ কমার কারণ চিহ্নিত করে জায়েদ বখত বলেন, বিশ্ববাজারে বর্তমানে জ্বলানি তেলের দাম এখন প্রতি ব্যারেল ১০০ ডলারের নিচে। অথচ গত বছর এ সময়ে তেলের দর ছিল ১১০ ডলারের ওপরে।
“সে কারণে গতবার জ্বলানি তেল আমদানি জন্য বিপিসিকে অনেক অর্থ যোগান দিতে হয়েছে। কিন্তু এবার দাম কম থাকায় কম অর্থ খরচ হচ্ছে, সে কারণেই সরকারকে ঋণ কম করতে হচ্ছে,” বলেন তিনি।
জায়েদ বখত আরো বলেন, “রাজস্ব আদায় পরিস্থিতি খুবই ভালো। এছাড়া অর্থবছরের প্রথম দিকে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার খুবই কম থাকে। এ দুই কারণেও ব্যাংক থেকে সরকারকে কম ঋণ নিতে হচ্ছে।”
