ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনে রিচার্জের কমিশন বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়েছে রিচার্জ ব্যবসায়ীদের একটি সংগঠন।
এক সপ্তাহের মধ্যে মোবাইল ফোন কোম্পানিগুলো এ দাবি না মানলে মোবাইল ফোন রিচার্জ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছে তারা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।
সংগঠনের সাধারণ সম্পাদক এইচএম বদরুদ্দোজা বলেন, “বর্তমান দ্রব্যমূল্যের বাজারে প্রতি হাজারে ২৭ টাকা কমিশন দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। এক সপ্তাহের মধ্যে মোবাইল ফোন কোম্পানিগুলো কোন উত্তর না দিলে ব্যবসায়ীরা মোবাইল ফোন রিচার্জ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবে।”
তাদের অন্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- প্রতি হাজারে কমিশন ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা করা, অ্যাসোসিয়েশনের মাধ্যমে ব্যাবসায়ীদের নতুন সিম প্রদান, নিবন্ধিত দোকান ছাড়া ভ্রাম্যমাণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রিচার্জ সিম প্রদান বন্ধ করা, রিচার্জ ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেয়া ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৫৩৬ ঘ.
bdnews24