ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যনীতি বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয়হীনতাকে গুরুত্বপূর্ণ সমস্যা বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার হোটেল রূপসী বাংলায় ‘বাংলাদেশের সমন্বিত বাণিজ্যনীতি’ বিষয়ে একটি কর্মশালায় এ কথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বাণিজ্য মন্ত্রণালয়ের তৈরি খসড়া নীতির ওপর আলোচনা হয় ওই কর্মশালায়।
প্রধান অতিথির বক্তব্যে মুহিত বলেন, “আমাদের ব্যবস্থার মধ্যেই সমন্বয়হীনতার অভাব রয়েছে। এজন্য আমি অসুখী।”
বাণিজ্যনীতি বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “এ ধরনের মধ্যমেয়াদি নীতির দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে সমন্বয়ের সমস্যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আগামী পাঁচ বছরে আমাদের বাণিজ্য মোট দেশজ উৎপাদনের ৭০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা তৈরি করা দরকার।”
বাণিজ্য অর্থায়নের জন্য উন্নততর পদ্ধতি চালু করা দরকার বলে মত দেন তিনি।
বাস্তবায়নের দিক থেকে যে কোনো নীতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়- উল্লেখ করে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেন, “বাস্তবায়নের সমস্যাটা আমাদের শাসন পদ্ধতির সমস্যা।”
তিনি বলেন, বাণিজ্য নীতির মধ্যে আমরা শুধু আমদানি ও রপ্তানিকে অন্তর্ভুক্ত করিনি। এর মধ্যে বাণিজ্য উন্নয়নে সংশ্লি¬ষ্ট সব বিষয়ই অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ শিল্প ও বনিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি একে আজাদসহ সাবেক সচিব ও কূটনীতিকরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাণিজ্য সচিব গোলাম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএএইচ/এএল/১৯২৯ ঘ.
bdnews24