ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সব ধরনের মতপার্থক্যের অবসান ঘটিয়েই ‘বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি (টিকফা)’ স্বাক্ষরের আশা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
তিনি শনিবার সাংবাদিকদের বলেছেন, “আমরা চুক্তি সই করতে চাই। তবে কোনো ধরনের মতপার্থক্য থাকলে আমরা চুক্তিটি স্বাক্ষর করতে পারব না।”
টিকফার বিষয়ে কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশের আপত্তি ওয়াশিংটনকে জানানো হয়েছে বলে জানান তিনি।
“যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরতে রাজি হয়েছে। আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আমরা আশাবাদী,” বলেন মিজারুল।
গত চার বছর ধরে এই চুক্তির বিষয়ে আলোচনা চললেও কয়েকটি বিষয়ে ঐকমত্য না হওয়ায় তাতে ছেদ পড়ে।
পররাষ্ট্র সচিব গত জুলাই মাসে এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা সইয়ে অচলাবস্থার জন্য বাংলাদেশ দায়ী নয়। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ সব সময়ই প্রস্তুত।
এরপর গত বুধবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির সঙ্গে এক বৈঠকে টিকফা আলোচনা পুনরায় শুরুর আগ্রহ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ায় বাণিজ্য বিষয়ক সহকারী প্রতিনিধি মাইকেল ডিলানি ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম জে বার্নস।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘ফরেন সার্ভিস ক্লাব ফ্যামিলিস’ আয়োজিত এক অনুষ্ঠানে টিকফা ছাড়াও ওয়াশিংটনের সঙ্গে সামরিক সম্পর্ক নিয়েও কথা বলেন মিজারুল কায়েস।
তিনি জানান, খুব শিগগিরই হাওয়াইয়ে সামরিক সহযোগিতা বিষয়ক এক আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনী।
এই বিষয়ে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, “এটি হবে কৌশলগত আলেচনা।”
ওই বৈঠকের সিদ্ধান্তই ১৯ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপের আলোচ্য বিষয় হবে বলেও সচিব জানান।
গত মার্চে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফ্রান্সিস জে উইয়েরকিনস্কি জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তুলতে চায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমডি/এমআই/১৪১০ ঘ.
bdnews24