ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ছাড়পত্র ছাড়া লাইসেন্স নবায়ন না করার বিধান রেখে আইন প্রণয়নের ব্যবস্থা নিতে সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির ৫০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. আলী আশরাফ ও মো. তাজুল ইসলাম।
বৈঠকে মূল্য সংযোজন কর বিল, ২০১২ এর শিরোনাম ‘মূল্য সংযোজন কর আইন, ২০১২’ পরিবর্তন করে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ করার প্রস্তাব করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিলটি পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের পর সংসদে উত্থাপনের জন্য সংশোধিত আকারে প্রতিবদেন চূড়ান্ত করা হয় বৈঠকে।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদসহ অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএএইচ/এএল/২১১৫ ঘ.
bdnews24