২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকের এজিএম: ৪ পরিচালককে পুনঃনিয়োগ

হলমার্ক নিয়ে সমালোচনার মুখে থাকা সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পাশাপাশি পরিচালনা পর্ষদের তিন সদস্য প্রতিষ্ঠানের এজিএমে পুনঃনিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক নিয়ে সমালোচনার মুখে থাকা সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পাশাপাশি পরিচালনা পর্ষদের তিন সদস্য প্রতিষ্ঠানের এজিএমে পুনঃনিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) তাদের পুনঃনিয়োগের প্রস্তাব পাস হয়েছে। হলমার্ক নিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে সুপারিশ জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। পুনঃনিয়োগ পাওয়া ওই চার পরিচালক হলেন- কাজী বাহারুল ইসলাম (বর্তমান চেয়ারম্যান), কাশেম হুমায়ুন, সুভাষ সিংহ রায় ও শহীদুল্লাহ মিয়া। হলমার্ক গ্রুপকে ‘অনিয়মের’ মাধ্যমে ২ হাজার ৬৬৮ কোটি টাকা ঋণ দেওয়া নিয়ে সমালোচনার মধ্যেই বুধবার বাহারুল ইসলামের মেয়াদ পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বাড়ায় সরকার। এর পরদিনই এজিএমে তিনিসহ অন্য পরিচালকদের ওপর আস্থার প্রকাশ ঘটল। তবে এজিএমের এই সিদ্ধান্ত তাদের সরকারি নিয়োগের মেয়াদ পর্যন্ত কার্যকর থাকবে। মতিঝিলে দিনব্যাপী বার্ষিক সাধারণ সভায় ২০১১ সালের (পঞ্জিকা বছর অনুযায়ী) ব্যাংকের বাৎসরিক আর্থিক প্রতিবেদনও অনুমোদন হয়। কাশেম হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এজিএমে পরিচালনা পর্ষদের এক তৃতীয়াংশ সদস্যের অবসরে যাওয়ার বিধান রয়েছে। কিন্তু এজিএম আমাদের চারজনকেই পুনঃনিয়োগ দিয়েছে।” “যদি সরকার আমাদের পুনরায় নিয়োগ দেয়, তাহলে আমরা পুনঃনিয়োগ পাব। আর যদি না দেয়, তাহলে আমাদের এই চারজনের যার যেদিন পর্যন্ত মেয়াদ আছে সেদিন পর্যন্ত দায়িত্ব পালন করব,” বলেন তিনি। সুভাষ রায় বলেন, “আমার যতটুকু মনে আছে, ২০ সেপ্টেম্বর পর্যন্ত আমার মেয়াদ আছে। এরপর সরকার যদি আমাকে পুনঃনিয়োগ দেয়, তাহলে দায়িত্ব পালন করব।” হলমার্ককে ঋণ বিতরণে অনিয়ম তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ জানায়। তবে অর্থমন্ত্রী এই সুপারিশের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলেন। এরপর অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এই হলমার্কের লেনদেন খতিয়ে দেখার জন্য একটি কমিটি করে। বুধবার সংসদেও এ নিয়ে আলোচনায় পরিচালনা পর্ষদের সমালোচনায় মুখর হন সরকারি দলের সংসদ সদস্যরা। এমডি’র আশা টাকা আদায় হবে হলমার্ক গ্রুপের নেওয়া ঋণ আদায় হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত। এজিএম শেষে তিনি সাংবাদিকদের বলেন, “টাকা ফেরত পেতে হলমার্ক গ্রুপের এমডিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা পালিয়ে যায়নি, দেশেই আছে।” হলমার্ক গ্রুপের অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের পর এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ বলেছিলেন, তারা সব অর্থ ফেরত দেবেন। ঋণের অর্ধেক টাকা ফেরত দিতে চিঠি পাওয়ার পর বুধবার হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদ বুধবার সাংবাদিকদের বলেন, তারা এই বিষয়ে নিজেরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, তারা ‘খুব শিগগিরই’ হলমার্ক গ্রুপের এমডি, চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। প্রদীপ দত্ত সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারার এমন সংবাদ পরিবেশন করবেন না, যাতে গ্রাহকরা আতঙ্কিত হয়। দেশজুড়ে সোনালী ব্যাংকের শাখা রয়েছে, ভুল সংবাদে তারা আতঙ্কিত হতে পারে।” হলমার্ক গ্রুপকে ২ হাজার ৬৬৮ কোটি টাকা ঋণ দেওয়ার ঘটনায় সোনালী ব্যাংকের দুজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ২০ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২০৫৩ ঘ.