ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক গ্রুপের ঋণের অঙ্ক নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ওই বক্তব্যের জন্য সরকারি দলের সংসদ সদস্যদের সমালোচনার মুখে বৃহস্পতিবার তিনি সংসদে বলেন, “চার হাজার কোটি টাকা তেমন কিছু না, আমার এই বক্তব্যটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।
“আমার এই বক্তব্যের কারণে দুর্নীতি উৎসাহিত হতে পারে। আমি চাই না দুর্নীতি উৎসাহিত হোক। সে জন্য আমি আমার এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি এবং বক্তব্যটি প্রত্যাহার করছি।”
সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশ নিয়ে সমালোচনার পর অর্থমন্ত্রী হলমার্কের নেওয়া ঋণের অর্থ ‘বেশি’ নয় দাবি করে তা নিয়ে গণমাধ্যমে ‘অযথা হৈ চৈ’ হচ্ছে বলে মন্তব্য করেছিলেন।
মুহিত মঙ্গলবার বলেছিলেন, “৪০ হাজার কোটি টাকা ঋণের মধ্যে ৪ হাজার কোটি টাকা নিয়েছে। এটা নিয়ে আপনারা (সাংবাদিক) অনেক পাবলিসিটি করছেন। এতে দেশের ক্ষতি হচ্ছে। ব্যাংকিং সেক্টর নিয়ে প্রশ্ন উঠছে, মনে হচ্ছে এটা ধসে চলে গেল।”
তার এই বক্তব্যে বিরোধী দলের নেতাদের ব্যাপক সমালোচনার পর বুধবার সংসদে সরব হন সরকারি দলের সংসদ সদস্যরা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “৪ হাজার কোটি টাকা কোনো বড় টাকা নয়- ক্যামনে তিনি এ ধরনের বক্তব্য দেন? এ ধরনের কথা বলে সরকারকে বিব্রত অবস্থায় ফেলে দেন তিনি।”
সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিল বৃহস্পতিবার সংসদে বলেন, “অর্থমন্ত্রী বলেছেন, ৪ হাজার কোটি টাকা এমন কিছু নয়। তাহলে, কত টাকা হলে এমন কিছু হবে?”
মুহিত সংসদে বলেন, “আমার মনে হয়, এই মুহূর্তে দেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি আমি। এজন্য, আমি কাউকে অভিযোগ করছি না। ঘৃণা করার অধিকার সকলের আছে।”
“আমি একটু আগেই আমার একটা বক্তব্যের জন্য মাফ চেয়েছি,” যোগ করেন তিনি।
হলমার্ক কেলেঙ্কারি নিয়ে ব্যাপক সমালোচনা হলেও এতে দেশের ব্যাংকিং খাত ধসে যায়নি দাবি করে মুহিত বলেন, “বিভিন্ন দেশে এই রকম সঙ্কট হয়। আমাদের ব্যাংকিং সেক্টর ধ্বংস হয়নি। আমাদের ব্যাংকিক সেক্টরের স্বাস্থ্য ভালো।”
হলমার্ক কেলেঙ্কারিতে অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে সংসদ সদস্যরা যে অভিযোগ করেছেন, তার প্রতিক্রিয়ায় মুহিত বলেন, “সরকার জড়িত, এমন কোনো প্রমাণ আমি পাইনি। আমি বিশ্বাস করি, আমার মন্ত্রণালয় এর সঙ্গে জড়িত নয়। তদন্ত হচ্ছে। ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে।”
অর্থমন্ত্রীর বক্তব্যের আগে সরকারি দল এবং মহাজোটের সংসদ সদস্যরা সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না- সে বিষয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চান।
পরিচালনা পর্ষদ ভেঙে না দেওয়ার যুক্তি দেখিয়ে অর্থমন্ত্রী বলেন, “তদন্ত হচ্ছে। তদন্ত যেন চলতে পারে, সেজন্য পর্ষদ থাকা দরকার।”
এ সময় অর্থমন্ত্রীর দু’আসন পরে বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে ওঠেন, “বোর্ড না থাকলে সিদ্ধান্ত দেবে কে?”
সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকও সুপারিশ করেছিল, যার এখতিয়ার নিয়ে তখন প্রশ্ন তুলেছিলেন মুহিত।
তিনি সংসদে বলেন, “আমি এই বিষয়টি জানতাম না। আমি কাগজে পড়ে জেনেছি। আমার পক্ষে জানাও সম্ভব নয়। এখন এত ব্যাংক আছে, তার যে খবর পাব, তা সম্ভব নয়, যদি না আমার কাছে আলাউদ্দিনের চেরাগ থাকে।”
সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু হলমার্ক কেলেঙ্কারিতে জড়িতদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার দাবি জানান।
অর্থমন্ত্রী বলেন, “এখানে অনেকে গ্রেপ্তারের কথা বলেছেন। এটা আমাদের চিন্তায় আছে, অপেক্ষা করুন।”
সংসদ সদস্যদের আশ্বস্ত করে তিনি বলেন, দুর্নীতির মূল উৎপাটনই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার সাম্ú্রতিক পদক্ষেপগুলো নিচ্ছে।
“সোনালী ব্যাংক সবচেয়ে বড় ব্যাংক, মূল্যবান ব্যাংক, সবচেয়ে কম ঋণ খেলাপি। অত্যন্ত মূল্যবান ব্যাংক সোনালী ব্যংক।”
হলমার্ক ২ হাজার ৬৬৮ কোটি টাকা সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়েও এর ৬৫ কোটি টাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনে নেওয়া হয় বলে জানান অর্থমন্ত্রী।
“পরবর্তীতে ৬৫ কোটি টাকা ঋণের সুবাদে তারা (হলমার্ক) ব্যাংক কর্মকর্তাদের সহায়তার জালিয়াতি করে এবং টাকা পাচার করে,” বলেন তিনি।
২০১০ সালের অক্টোবর মাসে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে এই অনিয়ম ধরা পড়ে। পরে এ নিয়ে সোনালী ব্যাংক দুটি প্রতিবেদন দাখিল করে, যা ‘অসত্য’ বলে জানান অর্থমন্ত্রী ।
এরপর সোনালী ব্যাংক একটি তদন্ত করে এবং বাংলাদেশ ব্যাংক আরেকটি তদন্ত করে।
“তদন্তে বলা হয়, যে সব দুষ্টু লোকেরা জড়িত, তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হোক,” বলেন তিনি।
মুহিত জানান, সোনালী ব্যাংক এ নিয়ে ‘ফাংশনাল অডিটের’ উদ্যোগ নেয় এবং ১৩ জুলাই তা পেশ করা হয়।
“রীতি অনুযায়ী এই প্রতিবেদন প্রকাশ করা হয় না। এটা ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়।”
হলমার্ক কেলেঙ্কারির খবর প্রকাশ হওয়ার একটি ইতিবাচক দিক তুলে ধরে মন্ত্রী বলেন, “ভালো দিকটি হল এই যে জাতি একমত হয়েছে, এদের শাস্তি হওয়া উচিত।”
অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করতে গিয়ে ৭৮ বছর বয়সি মুহিতের বয়োজ্যেষ্ঠতার দিকেও ইঙ্গিত করেছিলেন শেখ সেলিম। তিনি বলেছিলেন, “উনার (অর্থমন্ত্রী) বয়স হয়েছে, বুঝি। কথাবার্তা কম বলা ভাল।”
এরপর অর্থমন্ত্রী বৃহস্পতিবার সকালেই এক অনুষ্ঠানে বলেন, তাকে কথা ‘কম বলার’ পরামর্শ দেওয়া হয়েছে; এ কারণে তিনি বেশি বলবেন না।
“অনেকে আমাকে উপদেশ দেন, কম কথা বলতে। ভালো উপদেশ। যখন কারো বয়স বাড়ে, তখন বেশি কথা বলে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/২২৩০ ঘ.
bdnews24