২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টিকফা নিয়ে আবার আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র’

একটি কার্যকর বাণিজ্য কাঠামো গড়ে তুলতে যুক্তরাষ্ট্র ‘বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি’ (টিকফা) নিয়ে আবার আলোচনা শুরু করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন সে দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি কার্যকর বাণিজ্য কাঠামো গড়ে তুলতে যুক্তরাষ্ট্র ‘বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি’ (টিকফা) নিয়ে আবার আলোচনা শুরু করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন সে দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। তিনি জানান, বুধবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি আলোচনা শুরুর বিষয়টি অবহিত করেন। “আমরা এ নিয়ে আরো আলোচনার কথা বলেছিলাম। ডিলানি আমাদের বলেছেন, তারাও টিকফা নিয়ে আলোচনা চান”, বলেন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবি দীর্ঘ দিনের। স্বল্পোন্নত দেশ হওয়ার পরও বাংলাদেশ এ সুবিধাটি পাচ্ছে না টিকফা চুক্তি না হওয়ার কারণে। গত চার বছর ধরে এ চুক্তির বিষয়ে আলোচনা চললেও কয়েকটি বিষয়ে ঐকমত্য না হওয়ায় তাতে ছেদ পড়ে। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস গত জুলাই মাসে এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা সইয়ে অচলাবস্থার জন্য বাংলাদেশ দায়ী নয়। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ সব সময়ই প্রস্তুত। অচলাবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে সচিব বলেন, “আপনি কাগজ নিয়ে এসে বললেন, আলোচনার সময় নেই এটাতে সই করতে হবে। এটাতো হতে পারে না।” রাষ্ট্রদূত আকরামুল কাদের জানান, টিকফা নিয়ে আলোচনার জন্য ডিলানি শিগগরিই বাংলাদেশে আসতে পারেন বলে আশা করা হচ্ছে। “পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ও জিএসপি সুবিধার মেয়াদ বৃদ্ধি নিয়েও আলোচনা করেন।” বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের অবস্থা এবং সামগ্রিক পরিস্থিতি নিয়েও মন্ত্রী মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে আশ্বস্ত করেছেন বলে রাষ্ট্রদূত জানান। বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৩০ শতাংশ আসে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি থেকে। ভবিষ্যত রূপরেখা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যত রূপরেখা নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম জে বার্নস। কাদের বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের অংশীদার এবং ঢাকার কাছ থেকে অবাধ সহযোগিতা চায় ওয়াশিংটন।” আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো সচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক হবে। সেখানে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। ওই রূপরেখা কেমন হবে জানতে চাইলে কাদের বলেন, “তারা এখনো এটা নিয়ে কাজ করছে।” অংশীদারিত্ব সংলাপ চুক্তির আওতায় প্রথমবারের মতো অনুষ্ঠেয় সচিব-পর্যায়ের ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শোরম্যান তার সেদেশের পক্ষে নেতৃত্ব দেবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের সময় গত ৫ মে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব সংলাপ চুক্তি সই হয়। এ চুক্তির আওতায় দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের পর্যালোচনা এবং দ্বিপক্ষীয় সম্পর্কে কৌশলগত নির্দেশনার জন্য প্রতি বছর এ বৈঠক হওয়ার কথা রয়েছে। গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন বলে জানান কাদের। তিনি বলেন, “তিনি (মন্ত্রী) বলেছেন, গত দুই বছর ধরে গ্রামীণ ব্যাংক খুবই ভালো করছে।” গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের সংশোধনী নিয়ে উদ্বেগ জানিয়ে গত মাসের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত রোববার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ অমূলক এবং তাদের এ উদ্বেগ প্রশমনে সরকার যখন যেখানে সম্ভব হবে তাদের সঙ্গে আলোচনা করবে। এদিকে, যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও উপ পররাষ্ট্রমন্ত্রী বার্নস আলোচনা করেছেন। এছাড়া গ্রামীণ ব্যাংকের ভাবমূর্তি ও কার্যকারিতা বজায় রাখা এবং বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপপররাষ্টমন্ত্রী বার্নস, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এএইচ/জেকে/১৭৪০ ঘ.