ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বে প্রতিযোগিতার সক্ষমতা সূচকে বাংলাদেশ ১০ ধাপ পিছিয়েছে, যা গত এক দশকে দ্বিতীয় সর্বোচ্চ অবনমন।
বুধবার প্রকাশিত বিশ্ব প্রতিযোগিতার সক্ষমতা সূচকে (জিসিআই) বাংলাদেশের অবস্থান দেখা যায় ১৪৪টি দেশের মধ্যে ১১৮ এ।
৭ এর মধ্যে এবার বাংলাদেশের স্কোর ৩ দশমিক ৬৫, গত বছর ৩ দশমিক ৭৩ স্কোর নিয়ে এবারের চেয়ে ১০ ধাপ আগে ছিল বাংলাদেশ।
এই প্রতিবেদনে বাংলাদেশকে পেছানোর ক্ষেত্রে সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা ও আর্থিক খাতগুলোর দুর্বলতাকে চিহ্নিত করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম।
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জিত হবে না এবং বিনিয়োগ পরিস্থিতি আরো নাজুক হতে পারে বলে প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের সহযোগিতায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাংলাদেশের ৮৭টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে এই প্রতিবেদন তৈরি করে। চলতি বছরের ফেব্রুয়ারি-এপ্রিল সময়ে এই জরিপ চালানো হয়।
সামষ্টিক অর্থনীতির পরিবেশ, সরকারি প্রতিষ্ঠানগুলোর অবস্থা এবং প্রযুক্তি ব্যবহারের অগ্রসারমানতার চিত্র তুলে ধরতে এই জরিপ চালানো হয়।
প্রতিবেদন প্রকাশ করে সিপিডির সম্মানীত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, “আমাদের উদ্বেগ শুধু সূচকে বাংলাদেশের অবনমন নিয়েই নয়, অভ্যন্তরীণ প্রতিযোগিতার ক্ষেত্রেও চিত্র হতাশাজনক।”
প্রবৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ পরিস্থিতি আরো নাজুক হতে পারে বলে জরিপে অংশ নেওয়ারা আশঙ্কা প্রকাশ করেছেন।
দেবপ্রিয় বলেন, তা হলে কর্মসংস্থানের সুযোগ কমবে এবং তা উৎপাদনে প্রভাব ফেলতে পারে।
মূল্যস্ফীতি এবং ব্যাংক ঋণে সুদের হার বৃদ্ধি পণ্যের উৎপাদন ব্যয় বাড়াবে বলেও শিল্পোদ্যোক্তারা শঙ্কা প্রকাশ করেন বলে সিপিডির সাবেক নির্বাহী পরিচালক জানিয়েছেন।
তিনি বলেন, সামষ্টিক অর্থনীতিতে অব্যবস্থাপনা, সরকারি ব্যয় বৃদ্ধি নিয়েও বিনিয়োগকারীরা হতাশ।
“পুরনো সমস্যার সঙ্গে নতুন আরো সমস্যা যোগ হওয়ায় উন্নয়নের গতি থেমে যেতে পারে বলেও শঙ্কা তাদের,” বলেন দেবপ্রিয়।
সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠানগুলো ক্রমেই দুর্বল হচ্ছে আর তার প্রভাব পড়ছে সব সূচকে।
বাণিজ্যের পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে দুর্বল অবকাঠামো ও প্রতিষ্ঠান এবং দুর্নীতিকে দায়ী করেন তিনি।
বিশ্বে প্রতিযোগিতার সক্ষমতায় সর্বোচ্চ স্থানে রয়েছে সুইজারল্যান্ড। চার বছর ধরে এই অবস্থান ধরে রেখেছে দেশটি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও ফিনল্যান্ড। এর পরের স্থানটি সুইডেনের।
পঞ্চম থেকে দশম স্থানগুলোতে রয়েছে নেদারল্যান্ডস, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান। দক্ষিণ এশিয়ার ভারতের স্থান ৫৯তম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/২৩৫২ ঘ.
bdnews24