২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের সঙ্গে স্বাভাবিক বাণিজ্যের আশা প্রকাশ

মিয়ানমারে রোহিঙ্গা ও রাখাইনদের মধ্যে সমস্যার কারণে বাংলাদেশের সঙ্গে স্থবির হওয়া সীমান্ত বাণিজ্য দু’সপ্তাহের মধ্যে স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী-নাসাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে রোহিঙ্গা ও রাখাইনদের মধ্যে সমস্যার কারণে বাংলাদেশের সঙ্গে স্থবির হওয়া সীমান্ত বাণিজ্য দু’সপ্তাহের মধ্যে স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী-নাসাকা। বুধবার মিয়ানমারের মংডু প্রদেশে নাসাকার সঙ্গে পতাকা বৈঠক শেষে দেশে ফিরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি কর্মকর্তারা এ কথা জানান। বিকাল ৫টায় টেকনাফ স্থলবন্দর ঘাটে বিজিবি চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক সাংবাদিকদের বলেন, রাখাইন প্রদেশের সমস্যার কারণে তিন মাস ধরে সীমান্ত বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছিল। বিষয়টি বৈঠকে তোলা হলে নাসাকা জানায়, যেহেতু রাখাইন প্রদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে তাই আগামী দুই সপ্তাহের মধ্যে সীমান্ত বাণিজ্য স্বাভাবিক হয়ে আসবে। সর্বশেষ গত মার্চ মাসে বাংলাদেশে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি ও নাসাকা। জুন থেকে রাখাইন প্রদেশে রোহিঙ্গা ও রাখাইনদের মধ্যে সহিংসতা শুরু হলে দুই বাহিনীর মধ্যে নিয়মিত বৈঠক বন্ধ হয়ে যায়। এই সময়ে রাখাইন এলাকা থেকে আক্রান্ত রোহিঙ্গারা সমুদ্র ও নদীপথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। তবে বিজিবি তাদের আটক করে ফেরত পাঠায়। এ সময় জাতিসংঘসহ বিভিন্ন বেসরকারি সংস্থা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ওপর চাপ দেয়। বৈঠকে রাখাইন প্রদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান কর্নেল জিল্লুল হক। তিনি বলেন, নাসাকা দাবি করেছে, রাখাইন প্রদেশে কোনো ধর্মীয় বা জাতিগত দাঙ্গার ঘটনা ঘটেনি। রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় রাখাইন সম্প্রদায়ের কিছু কিছু এলাকায় সামান্য সমস্যা তথা বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বর্তমানে রাখাইন প্রদেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সেখানে সেনা মোতায়েন বা জরুরি অবস্থা জারির মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নাসাকা। “তবে নাসাকা রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করেছে। এই সময়ে মোট এক হাজার আটশ রোহিঙ্গা নাগরিককে মিয়ানমারে পাঠানো হয়েছে বলেও বৈঠকে নাসাকাকে জানিয়েছে বিজিবি। নাসাকা বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ” জিল্লুল বলেন, প্রায় দুইশ’ বাংলাদেশি নাগরিক সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারের নৌ-বাহিনীর হাতে আটক হয়েছেন। তাদেরও শিগগির ফেরত দেওয়া হবে বলে আশ্বস্থ করেছেন নাসাকা কর্মকর্তারা। বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিজিবির চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক। বৈঠকে মিয়ানমারের ১২ সদস্যের নাসাকা বাহিনীর নেতৃত্ব দেন মংডুস্থ নাসাকার উপ-পরিচালক থ্যান টিক অং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৪ ঘ.