ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ডেসটিনি ২০০০ লিমিটেডের ১৬ কর্মকর্তা।
বুধবার সকালে জামিন আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মো. হারুন অর রশীদ পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত তাদের জামিন দেন।
এই ১৬ কর্মকর্তা হলেন- ডেসটিনির পরিচালক মেজবাহ উদ্দিন স্বপন, সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানি, ফারাহ দিবা, জামশেদ আরা চৌধুরী, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, আজাদ রহমান, আকবর হোসেন সুমন, শিরিন আক্তার, রকিবুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, সাইদুর ইসলাম খান ও অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্নেল দিদরুল আলম।
এদের সবাই ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশনের (এমএলএম) অর্থ আত্মসাৎ ও মুদ্রা পাচারের মামলার আসামি। তাদের মধ্যে ছয়জন ডেসটিনির ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের মুদ্রা পাচারের মামলারও আসামি।
এই ১৬ জন এর আগে গত ১৩ অগাস্ট মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে মামলার নথি অন্য আদালতে থাকায় সেদিন শুনানি হয়নি।
সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাত করে পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে এই দুই মামলা করেন।
ট্রি-প্ল্যানটেশন প্রকল্প থেকে ২ হাজার ৩৭৫ কোটি টাকা এবং এমএলএম অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৯৩৫ কোটি টাকা সরানোর অভিযোগ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
ডেসটিনি ২০০০ এর সভাপতি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন, মো. হোসেন, মো. গোফরানুল হক ও মো. সাইদ উর রহমান গত ৬ অগাস্ট এ দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
মামলার আরেক আসামি ডেসটিনির পরিচালক আবুল কালাম আজাদ ওরফে ম্যাক আজাদ কারাগারে রয়েছেন।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া দুদকের আইনজীবীর
ডেসটিনির ১৬ কর্মকর্তার জামিনের প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, “জামিনের এ আদেশে আমি গভীর দুঃখ পেয়েছি। দেশে আর আইন বা বিচার বলে কিছু থাকল না।”
একই মামলায় আগের পাঁচ আসামির জামিন আদেশ চ্যালেঞ্জ করে জজ আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
“যার পরিপ্রেক্ষিতে ওই ৫ আসামির জামিন স্থগিত হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আগামী ১২ সেপ্টেম্বর ওই আবেদনের শুনানি হবে। অথচ উচ্চ আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে মহানগর হাকিম আজ বেআইনিভাবে এ জামিন দিলেন,” বলেন কাজল।
১৬ জনের জামিনের নতুন আদেশের বিরুদ্ধেও আবেদন করা হবে বলে তিনি জানান।
দুদকের আইনজীবী বলেন, “মুদ্রা পাচার আইন এবং দুর্নীতি দমন আইন অনুযায়ী কোনো হাকিম আদালত এমনকি কোনো দায়রা জজের ক্ষমতা নেই কোনো প্রকার আবেদন শুনানির জন্য গ্রহণ করার। জামিন মঞ্জুর করা তো দূরের কথা।”
শুনানিতে ডেসটিনির পক্ষে-বিপক্ষে যুক্তি
জামিনের আগে শুনানিতে ডেসটিনি মাল্টিপারপাস লিমিটেডের কার্যক্রমকে জনকল্যাণকর এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের পদক্ষেপ উল্লেখ করে তাদের কৌঁসুলি কাজী নজিবুল্লাহ হীরু বলেন, “এজাহারে কোথাও একটি কথাও নেই যে এ আসামিরা বিদেশে কোনো টাকা পাচার করেছে, বরং রয়েছে টাকা স্থানান্তর করেছে।”
“ডেসটিনি ভারতের টাটার ন্যানো গাড়ির চাইতেও স্বল্প মূল্যে গাড়ি দিতে পারবে। প্রথমে আমি তাদের এ কথা বিশ্বাসই করতে পারিনি, পরে তারা যখন বিষয়টি বুঝিয়ে বলেছে, আমি তাদের যৌক্তিক পরিকল্পনায় অভিভূত হয়েছি,” বলেন তিনি।
ডেসটিনি বেআইনিভাবে কোনো অর্থ পাচার কিংবা বিনিয়োগ করেনি বলে দাবি করেন তিনি।
নজিবুল্লাহ হীরু বলেন, “জনগণ ডেসটিনি দিয়ে প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হয়নি। হলে তারা নিজেরাই উদ্যোগী হয়ে মামলা করত।
শুনানির একপর্যায়ে তিনি বলেন, “ডেসটিনির ব্যাংক হিসাব জব্দ হয়ে যাওয়ায় তারা আমাদের ন্যূনতম ফি-ও দিতে পারেনি।”
আসামি পক্ষের আবেদনের শুনানি নেওয়ার এখতিয়ার হাকিম আদালতের রয়েছে দাবি করে ডেসটিনির অন্য আইনজীবী এহসানুল হক সমাজী বিভিন্ন আইন ও সিদ্ধান্ত তুলে ধরেন।
অন্যদিকে ডেসটিনি দুর্নীতি করেছে দাবি করে দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি কাজল বলেন, “গাছ লাগানোর কথা বলে ডেসটিনি কোনো গাছই লাগায়নি। এমনকি কোনো গ্রাহককে কোনো প্রকার গাছের সনদপত্রও দেয়নি। আর তারা পাউলোনিয়া গাছ লাগাবেন, তা কেবল মালয়শিয়ায় হয়। এ গাছ পরিবেশের ক্ষতি করে।
“আসলে ডেসটিনি ম্যাজিকওয়ালা, জাদুর মন্ত্র দেখিয়ে মানুষের মনোজগত নিয়ন্ত্রণ করে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে।”
মহানগর হাকিমের কাছে দুদকের আইনজীবী কাজল বলেন, “বিশেষ আইনের এ মামলায় ফৌজদারি কার্যবিধি চলবে না এবং এ মামলার যে কোনো শুনানি বিশেষ আদালতে হবে। একমাত্র বিশেষ জজ আদালতেরই এখতিয়ার রয়েছে যে কোনও শুনানি গ্রহণ করার।”
আসামি পক্ষের আইনজীবীদের ফি দেওয়ার প্রসঙ্গে কাজল বলেন, “যদি ডেসটিনির লোকজন তাদের আইনজীবীদের টাকা দিতে না পারে তবে দুদককে বলব- বিজ্ঞ আইনজীবীদের ফিস দিতে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৫৮ ঘ.
bdnews24