২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানব সম্পদ উন্নয়ন শুধু বই দিয়ে হয় না’

বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে প্রশিক্ষণ ব্যবস্থায় ‘সমন্বয়ের মারাত্মক অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে প্রশিক্ষণ ব্যবস্থায় ‘সমন্বয়ের মারাত্মক অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “মানব সম্পদ উন্নয়ন শুধু বই দিয়ে হয় না। এর সঙ্গে বাস্তব জীবনের সম্পর্কও থাকতে হবে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কারিগরী শিক্ষা বোর্ড নিবন্ধিত ইউআইএসসি উত্তীর্ণ কম্পিউটার শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহিত। বক্তব্যের এক পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন প্রশিক্ষণ ইন্সটিটিউটের প্রসঙ্গ এলে মঞ্চে উপস্থিত কারিগরী অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান মিয়ার দৃষ্টি আকর্ষণ করে মুহিত বলেন, “আপনারা তো শিক্ষা দিচ্ছেন। কিন্তু, তার সাথে ট্রেড ও ইন্ড্রাস্ট্রিজের কোনো সম্পর্ক নেই।” “এক্ষেত্রে, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের মারাত্মক অভাব রয়েছে”, বলেন অর্থমন্ত্রী। তথ্য প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর ওপরো গুরুত্ব দিয়ে মুহিত বলেন, “পরিবর্তনের অসাধারণ সুযোগ এনে দিয়েছে তথ্য প্রযুক্তি। এর ব্যবহার করে আমরা সব সময় সমৃদ্ধ হতে পারি।” নিজেকে ‘ভয়ঙ্কর’ আশাবাদী মানুষ হিসাবে উল্লেখ করে আবুল মাল আব্দুর মুহিত বলেন, বাংলাদেশ ‘অসম্ভব’ সম্ভাবনার দেশ। “দশ বছর আগে বাংলাদেশ এখানে থাকবে- এটা আমরা চিন্তাও করতে পারিনি। তিন বছর আগেও আমরা চিন্তা করতে পারিনি- আমাদের চার হাজার পাঁচশ ইউনিয়ন সেবাকেন্দ্র হবে।” আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে ২০০৪ সাল থেকেই সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে আবুল মাল আব্দুল মুহিত বলেন, ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেওয়া হলেও তাদের সামনে দিক নির্দেশনা সে সময় স্পষ্ট ছিল না। “গরিব বাংলাদেশে আমরা ডিজিটাল ডিভাইড হতে দেইনি। সকলে তথ্য পাচ্ছে। আমরা ডিজিটাল ডিভাইড ভেঙেছি।” অনুষ্ঠানে জানানো হয়, গ্রামের শিক্ষার্থীদের জন্য তথ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ স¤প্রসারণের লক্ষ্যে দেশের ৬টি ইউআইএসসিকে কারিগরী শিক্ষা বোর্ডের আওতাভুক্ত করে কম্পিউটার কোর্স চালু করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ইউআইএসসির মাধ্যমে বোর্ডে নিবন্ধিত হয়ে বোর্ডের পাঠ্যক্রম অনুসারে প্রশিক্ষণ নেয়। এবার সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ১৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৩৬ জন উত্তীর্ণ হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং এটুআই জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান জানান, আগামীতে এ প্রশিক্ষণের সুযোগ স¤প্রসারণের উদ্যোগ নেয়া হবে। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী বলেন, এই উদ্যোগের ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিগরী অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান মিয়া, কুমিল্লার চান্দিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৬৪৫ ঘ.