ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে নেপাল।
পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা চেয়েছে দেশটি।
সফররত নেপালের বীরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি অশোক কুমার আগরওয়ালের নেতৃত্বে ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী গোলাম মো. কাদেরের সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেয়।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করেন।
নেপালের ব্যবসায়ী প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর কাছে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
পাশাপাশি দুই দেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর করার আহ্বান জানান তারা।
বাণিজ্যমন্ত্রী গোলাম কাদের বলেন, “নেপালের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের সরকারই এসব সমস্যা দূর করতে কাজ করছে। অল্প সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরো স¤প্রসারিত হবে।”
বৈঠকে বাণিজ্য সচিব গোলাম হোসেন, অতিরিক্ত সচিব এটিএম মর্তুজা রেজা চৌধুরী ও রুহুল আমীন সরকার, ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, যুগ্ম-সচিব শওকত আলী ওয়ারেছী এবং বাংলাদেশে নিয়োজিত নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠা উপস্থিত ছিলেন।
নেপালের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে বীরগঞ্জ চেম্বার অফ কর্মার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সভাপতি ওম প্রকাশ সিকারিয়া, জ্যেষ্ঠ সহ-সভাপতি অশোক কুমার বৈদ্য ও মহাসচিব সুবোধ কুমার গুপ্ত রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/এএল/১৬৩৮ ঘ.
bdnews24