২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তত ২ হাজার কোটি টাকা আদায় হবে: মুহিত

অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে সরিয়ে ফেলা সাড়ে তিন হাজার কোটি টাকার মধ্যে অন্তত দুই হাজার কোটি টাকা শিগগিরই আদায় হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 10:30 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে সরিয়ে ফেলা সাড়ে তিন হাজার কোটি টাকার মধ্যে অন্তত দুই হাজার কোটি টাকা শিগগিরই আদায় হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের বলেন, “টাকাটা কী করে আদায় করা যায়, সেটাই আমাদের আসল লক্ষ্য।” “দুই হাজার কোটি টাকা নিশ্চিত আদায় হচ্ছে”, যোগ করেন তিনি। গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলতে থাকায় বাকি টাকা আদায়ের বিষয়ে নিশ্চিত হতে পারছেন না বলেও মন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, “তোমাদের পাবলিসিটি একটু কম হলে বোধহয় টাকাটা আদায় হয়ে যেত পুরোটাই। কিন্তু এখন জানি না।” “বাকিটা নিয়ে তোমাদের চিৎকারে অসুবিধা হচ্ছে। চিৎকার না করলে ভালো করে ডান্ডা দেওয়া যেত। চিৎকার হলে তারা বলে, আমরা কোর্টে যাব। কোর্টে গেলে কবে আদায় হবে আল্ল¬াহই জানে।” স¤প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় সোনালী ব্যাংক থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলার তথ্য বেরিয়ে আসে। এর মধ্যে তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলমার্ক গ্রুপ একাই তুলে নেয় দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি। অনিয়মের মাধ্যমে অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “এখানে যারা ইনভলবড তাদের শাস্তি দিতে হবে।” নিজের দেওয়া আগের দিনের এক বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, “আমি এখনো বলছি চার হাজার কোটি টাকা কিছুই না। আমি গত বছর ৪০ হাজার কোটি টাকা ঋণ দিয়েছি। চার হাজার কোটি টাকা কতো? মাত্র ওয়ান পারসেন্ট।” এ সময় সাংবাদিকরা ভুল ধরিয়ে দিলে অর্থমন্ত্রী তখন বলেন, “টেন পারসেন্ট।” “তবে একটি ইনস্টিটিউশনের জন্য এটা খুব খারাপ”, স্বীকার করেন মুহিত। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী জানান, এ বিষয়ে তিনি একটি বিবৃতি দেবেন। বুধবার বিকেলেই তা হতে পারে। অবশ্য পদ্মা সেতুর অর্থায়নে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীকে ফের যুক্তরাষ্ট্রে পাঠানোর ইঙ্গিত দেন তিনি। মুহিত বলেন, “আগেই বলেছি, সব ডোনাররা মিলে এই ম্যাটার সেটেল করবে। আমি হয়তো গওহর রিজভী সাহেবকে আবার ওয়াশিংটনে পাঠাব।” সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের বাংলাদেশ সফর বিষয়ক সভার প্রস্তুতি বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী। ওই বৈঠকের বিষয়ে মুহিত বলেন, “ওদের সব কমিটমেন্ট যেমন ছিলো তেমনই থাকবে। কোনো সমস্যা নেই।” মন্ত্রী জানান, আয়কর আইন নভেম্বরের মধ্যেই সংসদে উঠবে। আর পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সীমার বিষয়টি বাংলাদেশ ব্যাংক ফয়সালা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএইচ/১৬২২ ঘ.