২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেলেঙ্কারির মধ্যেও ব্যাংক চেয়ারম্যানদের মেয়াদ বাড়ল

অর্থ কেলেঙ্কারির কারণে সমালোচনার মুখে থাকা সোনালী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ বাড়িয়ে কার্যত তাদের প্রতি আস্থার প্রকাশ ঘটাল সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 08:52 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ কেলেঙ্কারির কারণে সমালোচনার মুখে থাকা সোনালী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সোনালী ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। “কাজী বাহারুল ইসলামকে সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বর্তমান নিয়োগের মেয়াদ সমাপনান্তে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পুনঃনিয়োগ দেয়া হলো।” স¤প্রতি সোনালী ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থমন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের সমালোচনা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলোর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। কমিটি জানিয়েছে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের প্রথম ১০ জন সর্বোচ্চ ঋণ গ্রহীতার লেনদেনসহ হলমার্কের ঋণ গ্রহণের বিষয়টি খতিয়ে দেখবে তারা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহম্মদ আল-কবির, অগ্রণী ব্যাংকের খন্দকার বজলুল হক, জনতার আবুল বারকাত, বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল এ তাহেরের মেয়াদ বেড়েছে দুই বছর করে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে ৯ সেপ্টেম্বর। আগামী তিন চার দিনের মধ্যে নতুন পর্ষদ গঠন করা হবে।” পরিচালনা পর্ষদে আগের কেউ থাকছে কি না জানতে চাইলে তিনি বলেন, “কিছু থাকবে কিছু যাবে।” এছাড়া পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের মেয়াদও দুই বছর বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৬১৫ ঘ.