ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদনের জন্য গ্রামীণ ব্যাংক (সংশোধনী) অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হয়েছে।
জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের প্রথম দিনই মঙ্গলবার এই অধ্যাদেশটি উপস্থাপন করা হয়।
আইন মন্ত্রী শফিক আহমেদের পক্ষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এটি অনুমোদনের জন্য উপস্থাপন করেন।
ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ-২০১২’ জারির একটি প্রস্তাবে গত ২ অগাস্ট মন্ত্রিসভা অনুমোদন দেয়।
সেসময় জাতীয় সংসদের অধিবেশন না থাকায় ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ- ২০১২’ আকারে আইনটি জারি করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ২২ অগাস্ট সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্বাক্ষরের মাধ্যমে অধ্যাদেশ প্রণয়ন ও জারি হয়।
এতে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়া এবং যোগ্যতায় পরিবর্তন আনা হয়।
অন্যদিকে, সংবিধানের ৯৩ (২) অনুচ্ছেদে অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তা অনুমোদনের কথা বলা হয়েছে।
এই অনুচ্ছেদে বলা হয়েছে, “অধ্যাদেশ জারি হইবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তাহা উপস্থাপিত হইবে এবং ইত্পেূর্বে বাতিল না হইয়া থাকিলে অধ্যাদেশটি অনুরূপভাবে উপস্থাপনের পর ত্রিশ দিন অতিবাহিত হইলে কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে তাহা অনুমোদন করিয়া সংসদে প্রস্তাব গৃহীত হইলে অধ্যাদেশটির কার্যকরতা লোপ পাইবে।”
গ্রামীণ ব্যাংকের সংশোধিত অধ্যাদেশে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বোর্ডের সঙ্গে আলোচনা করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিটি গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে বোর্ডের চেয়ারম্যানকে।
নির্বাচন কমিটি আবেদনকারীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে তিনজনের একটি প্যানেল মনোনীত করে তা ব্যাংকের পরিচালনা পর্ষদে জমা দেবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এর মধ্য থেকে একজনকে নিয়োগ দেবে পরিচালনা পর্ষদ।
গ্রামীণ ব্যাংকের এই অধ্যাদেশ সংশোধনের সমালোচনা করে আসছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও এর সমালোচনা করেছে।
ইউনূসের সমালোচনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএনপি বলেছে, তারা ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের এই সংশোধনী বাতিল করা হবে।
৬০ বছর বয়স অতিক্রমের পরও মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। তার ওই দায়িত্বে এভাবে বেশি সময় থাকা বৈধ ছিলো কি না, তিনি ওই সময়ে কত টাকা নিয়েছেন এবং তা বৈধ ছিলো কি না তা খতিয়ে দেখতে অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশ দেয় মন্ত্রিসভা।
এছাড়া গ্রামীণ ব্যাংকের এমডি থাকাকালে ইউনূস ‘ওয়েজআর্নার’ হিসেবে কত টাকা বিদেশ থেকে এনেছেন এবং তিনি তা আনতে পারেন কি না, এনে থাকলে কর অব্যাহতি নিয়েছিলেন কি না, কর অব্যাহতি নেওয়া বৈধ ছিল কি না- সেসব বিষয়েও একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিয়ে এনবিআর এই প্রতিবেদন তৈরি করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/০০০৩ ঘ.
bdnews24