২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো উচিৎ: পার্সন

শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো উচিৎ বলে মনে করেন বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম’র প্রধান নির্বাহী কার্ল-ইয়োহান পার্সন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 05:18 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো উচিৎ বলে মনে করেন বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম’র প্রধান নির্বাহী কার্ল-ইয়োহান পার্সন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও তিনি এ অনুরোধ করেছেন। জীবন-যাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনা করে শ্রমিকদের মজুরি প্রতিবছর সমন্বয় করা প্রয়োজন বলেও মত দেন পার্সন। এ ছাড়া কারখানাগুলোতে নিরাপদ কাজের পরিবেশ ও শ্রম অধিকার নিশ্চিত করার উপর জোর দেন সুইডেন-ভিত্তিক এই প্রতিষ্ঠানের প্রধান। পার্সন বলেন, “আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রমিকদের জন্য সুযোগ-সুবিধা, উন্নত কাজের পরিবেশ ও যথেষ্ট পরিমাণে মজুরি নিশ্চিত করা। কারণ এতে উৎপাদনশীলতা বাড়ে বলে আমরা মনে করি।” বাংলাদেশ থেকে আমদানি বাড়ানো হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশে আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি রয়েছে।” বিশ্বব্যাপী এইচ অ্যান্ড এম এ বছর আরো তিনশটি নতুন শোরুম খুলবে জানিয়ে পার্সন বলেন, “সে হিসাবে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বাড়ানোর সম্ভাবনা রয়েছে।” তার বাংলাদেশ সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “বিশেষ কোন উদ্দেশ্য নিয়ে আমরা আসিনি। তবে আমাদের সব আলোচনায় শ্রমিকদের কাজের পরিবেশ ও মজুরির বিষয়টি বারবার তুলে ধরেছি।” সুইডেনের এই বহুজাতিক কোম্পানি ১৯৮২ সাল থেকে বাংলাদেশ হতে পোশাক আমদানি করছে। সোমবার বিজিএমইএ এক সংবাদ সম্মেলন জানিয়েছিল, এইচ অ্যান্ড এম’র বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ বছরে ১০০ কোটি ডলারেরও বেশি। ৪৩টি দেশে দু’হাজার তিন’শটি আউটলেটে কোম্পানিটির ৯৪ হাজার মানুষ কর্মরত রয়েছেন। এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান। শীর্ষ অবস্থানে রয়েছে রয়েছে স্পেনের কোম্পানি ইন্ডিটেক্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএজেড/এএল/২৩১৩ ঘ.